লেগুনার চালক শিশুরা

আলমের বয়স পনেরো বছর। সে পেশাদার লেগুনা (হিউম্যান হলার) চালক। তবে ড্রাইভিং লাইসেন্স নেই। লেগুনা চালায় ডেমরা রোডে। তার মতো শতাধিক শিশু রাজধানীর বিভিন্ন রুটে নিয়মিত লেগুনা চালাচ্ছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান মতে, রাজধানীর ১৫টি রুটের লেগুনাচালকের ৩৫ শতাংশই শিশু। যাদের বয়স ১৩ থেকে ১৮–এর মধ্যে। যাত্রাবাড়ী থেকে ডেমরা, পোস্তগোলা, জুরাইন, গুলিস্তান, মাতুয়াইল রোডে নিয়মিত লেগুনা চালাচ্ছে এসব শিশু। এ ছাড়া গুলিস্তান থেকে কেরানীগঞ্জ, আজিমপুর, খিলগাঁও রোডেও নিয়মিত লেগুনা চালাচ্ছে তারা। ঢাকা জেলা লেগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে জানা গেছে, যাত্রাবাড়ী থেকে ডেমরা রুটে ২২০টি লেগুনা চলে। যাত্রাবাড়ী থেকে পোস্তগোলা রুটে চলে ১১৫টি। জুরাইন থেকে গুলিস্তান পর্যন্ত চলে ১০৭টি লেগুনা এবং যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোড পর্যন্ত চলে আরও ২০টি। এসবের অধিকাংশের চালকই শিশু।
সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী থেকে ডেমরা রুটের লেগুনার অধিকাংশ চালক ও সহকারীই শিশু। এই রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ২ নভেম্বর এই রোডে তিনটি দুর্ঘটনা ঘটে। দেইল্লা, বাঁশেরপুল ও স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনার চাপায় আহত হয়েছেন তিনজন। তাঁদের একজন আছিয়া বেগম। তাঁর পা ভেঙে গেছে। ওই লেগুনাচালকের বয়স বড়জোর ১৫ বছর।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি ডেমরা রোডের কাজলায় লেগুনাচাপায় মারা যান বুলবুলি নামের এক নারী। তাঁর স্বামী আশরাফুল বাদী হয়ে থানায় মামলা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রাবাড়ী থানার এক কর্মকর্তা বলেন, ডেমরা রোডে প্রায়ই লেগুনায় দুর্ঘটনা ঘটছে। আহত হচ্ছেন লোকজন। তবে থানায় পরিসংখ্যান নেই। সব দুর্ঘটনার অভিযোগ থানায় আসে না।
ডেমরা রোডে এক বছর ধরে নিয়মিত লেগুনা চালাচ্ছে ইয়াসিন। তার বয়স ১৫ বছর। গত শুক্রবার ইয়াসিন বলল, তার মতো অনেক শিশু ডেমরা রোডে লেগুনা চালাচ্ছে। প্রতিদিন ১ হাজার ২০০ টাকা দিতে হয় মালিককে। এই রুটে তিন বছর ধরে লেগুনা চালাচ্ছে ১৬ বছর বয়সী মাজেদ। এর আগে সে লেগুনার চালকের সহকারী হিসেবে কাজ করেছে। তার ড্রাইভিং লাইসেন্স নেই। পোস্তগোলা রোডে লেগুনা চালায় আমিনুর। তার বয়স ১৬ বছর। ড্রাইভিং লাইসেন্স নেই। সে বলল, কোনো অসুবিধা হয় না।
নাজমুল ইসলাম নামের এক লেগুনাযাত্রী বলেন, তিনি থাকেন ডেমরার স্টাফ কোয়ার্টারে। প্রতিদিন লেগুনাতে চলাচল করেন। অধিকাংশ লেগুনা চালাচ্ছে শিশুরাই। যাদের বয়স ১৫-১৬ বছর। এসব শিশু গাড়ি এত দ্রুত চালায় যে, গাড়িতে উঠলেই ভয় লাগে। কিন্তু নিরুপায় হয়ে উঠতেই হয়।
অনুসন্ধানে জানা যায়, আট–দশ বছর বয়সে এসব শিশু প্রথমে লেগুনাচালকের সহকারী হিসেবে কাজ শুরু করে। কাজ করতে করতে একপর্যায়ে গাড়ি চালানোর হাত পাকা হওয়ার পর চালকের আসনে বসে পড়ে এসব শিশু। এ ক্ষেত্রে মালিকদেরও ভূমিকা রয়েছে। পেশাদার চালক দিয়ে গাড়ি চালাতে হলে অনেক টাকা লাগে মালিকের। কিন্তু এসব শিশুকে কম টাকা দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা জেলা ইমা, ম্যাক্সি, লেগুনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার প্রথম আলোকে বলেন, তিনি চান না শিশুরা লেগুনা চালাক। কিন্তু বাস্তবে বহু শিশু ঢাকার বিভিন্ন রুটে লেগুনা চালাচ্ছে। ঢাকা জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলছেন, এটা সত্য যে, শিশুরা লেগুনা চালাচ্ছে। তবে তাঁরা শিশুদের দিয়ে গাড়ি চালানোর বিপক্ষে।
ট্রাফিক আইন অনুযায়ী, ২০ বছরের নিচে কোনো ব্যক্তি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন না। আঠারো বছরের কম বয়সী কেউ কন্ডাক্টরের কাজও করতে পারবে না। অথচ আঠারো বছরের কম বয়সী এসব শিশু বছরের পর বছর খোদ রাজধানীতে লেগুনা চালাচ্ছে। শিশু আইন অনুযায়ী, আঠারো বছরের কম বয়সী সবাই শিশু হিসেবে বিবেচিত।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) গোবিন্দ চন্দ্র পাল বলেন, ‘যাত্রাবাড়ী–ডেমরা রোডে অনেক শিশু লেগুনা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এই অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০ বছরের নিচের কোনো ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। অনেক রুটে শিশুরাই লেগুনা চালাচ্ছে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত এসব শিশু চালকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছেন। তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় নিরাপদ সড়ক চাই–এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলছেন, আঠারো বছর বয়সের কম বয়সী শিশুরা প্রকাশ্যে লেগুনা চালাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে জনপ্রতিনিধিরা চুপ। এভাবে চলতে পারে না।