লেগুনার দখলে ইন্দিরা রোড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেটে লেগুনাস্ট্যান্ডের দীর্ঘ সারি। যানগুলো দিনভর ​এভাবে দাঁড়িয়ে থাকে। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
ফার্মগেটে লেগুনাস্ট্যান্ডের দীর্ঘ সারি। যানগুলো দিনভর ​এভাবে দাঁড়িয়ে থাকে। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

ইন্দিরা রোডের অনেকটা জায়গা দখল করে গড়ে উঠেছে লেগুনাস্ট্যান্ড। লেগুনার রুট পারমিট থাকলেও ফুটপাত দখল করে স্ট্যান্ড করার অনুমতি নেই। এতে পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে।

ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে প্রতিদিন প্রায় দু শ লেগুনা চলাচল করে। মোহাম্মদপুর, জিগাতলা, শিশুমেলা, ৬০ ফুটসহ বিভিন্ন রুটে এগুলো চলে নিয়মিত। গতকাল বৃহস্পতিবার দেখা যায়, তেজগাঁও কলেজের সামনে থেকে ইন্দিরা রোডে বসানো এসটিএস পর্যন্ত শ খানেক লেগুনা দাঁড় করানো। এই সড়কের রিকশা লেন ও মোটরযান চলাচল করার মূল সড়কেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে লেগুনা।

রুবেল হোসেন তিন বছর এখানে লেগুনা চালান। লেগুনা রাখা নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়েননি। অনুমতির বিষয়ে বলেন, ‘এগুলা মালিক সমিতি দেখে। আমরা যাত্রী আনি-নেই।’ একেকটি লেগুনা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে জানতে চাইলে বলেন, সিরিয়াল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। প্রায়ই দু-তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়। এখানে লেগুনা রেখে তাঁরা গোসল, খাওয়া-দাওয়াও করেন। নষ্ট হয়ে গেলে সারাই করা হয় সড়কে রেখেই।

লেগুনায় বসে কেউ আড্ডা দিচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন সিটের ওপর। কয়েকজন চালক বলেন, অন্তত দু শ লেগুনা চলে। মালিক সমিতিকে নির্দিষ্ট হারে লেগুনাপ্রতি টাকা দিতে হয়।

এ সড়কে লেগুনা ছাড়াও অসংখ্য হকার বসে। রিকশা লেনটিতে লেগুনা সার বেঁধে থাকায় একটি রিকশা চলার সুযোগ থাকে। তখন পথচারীরা চলতে পারে না। বিভিন্ন গন্তব্য থেকে লেগুনা এসে সড়কে দাঁড়িয়েই যাত্রী ওঠানামা করে। তখন থেমে থাকে পেছনের যানগুলো। মূল সড়কে দুই সারিতেও লেগুনা রাখা হয়।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘এই রাস্তাটার অবস্থাটা সব সময়ই এমন। লেগুনা বলেন আর হকার বলেন, কেউ কোনো নিয়ম মানে না। গাড়ি, দোকানপাটের জন্য শান্তিতে হাঁটা যায় না।’

ফার্মগেট থেকে চলাচলকারী সব কটি লেগুনা ইন্দিরা পরিবহনের অধীন। এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ইন্দিরা পরিবহনের ১৫০টি লেগুনা আছে। তাঁদের রুট পারমিট থাকলেও স্ট্যান্ড করার অনুমতি নেই। তবে তিনি বলেন, গাড়িগুলো বেশিক্ষণ থাকে না। পুলিশ বা সিটি করপোরেশন থেকে লোক এলে তাঁরা পারমিট দেখান। তিনি আরও বলেন, তাঁরা স্ট্যান্ডের জন্য জায়গা খুঁজছেন, পেলে সরিয়ে নেবেন।

ঢাকা ট্রাফিক পশ্চিম বিভাগের সহকারী কমিশনার আদিবুল ইসলাম বলেন, লেগুনাগুলো এক লাইনে রাখার জন্য বলা আছে। মূল সড়কে চলে এলে বা ঝামেলা করলে সরিয়ে দেওয়া হয়।