লেগুনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত লালবাগ কেল্লার দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগ কেল্লার দক্ষিণ-পশ্চিম কোণে কিল্লার মোড়ে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে টেম্পো ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড, যা ঐতিহাসিক এই স্থাপনাটিকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ছবিটি রোববার দুপুরের l সাইফুল ইসলাম
লালবাগ কেল্লার দক্ষিণ-পশ্চিম কোণে কিল্লার মোড়ে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে টেম্পো ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড, যা ঐতিহাসিক এই স্থাপনাটিকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ছবিটি রোববার দুপুরের l সাইফুল ইসলাম

পুরান ঢাকার লালবাগ কেল্লার দেয়াল ঘেঁষে (দক্ষিণ-পশ্চিম পাশে) কাজী রিয়াজ উদ্দিন সড়কে অবৈধভাবে গড়ে উঠেছে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এসব যানের ধাক্কায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কেল্লার দেয়াল। স্থানীয় বাসিন্দারা এ নিয়ে অভিযোগ করছেন, কিন্তু কেউ তা কানে তুলছে না।
লেগুনা স্ট্যান্ডের কারণে সারা দিনই কাজী রিয়াজ উদ্দিন সড়কে লেগে থাকছে যানজট। আর স্ট্যান্ড এলাকায় সড়কে ছড়িয়ে থাকছে ময়লা-আবর্জনা। এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের।
লালবাগ কেল্লার তত্ত্বাবধানকারী সুলতানা জাকিয়া বেদৌরা প্রথম আলোকে বলেন, কেল্লার ঐতিহ্য রক্ষায় গত বছর লেগুনা স্ট্যান্ড এলাকায় দেয়াল-সংলগ্ন লোহার বেড়া (গ্রিল) দেওয়া হয়েছিল। কিন্তু লেগুনা ও অন্যান্য যানের ধাক্কায় তা ভেঙে গেছে। বিভিন্ন স্থানে কেল্লার দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, কাজী রিয়াজ উদ্দিন সড়কে লালবাগ কেল্লার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে অনেকগুলো লেগুনা ও অটোরিকশা। স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় আছে ১০টি লেগুনা ও ৩০টি অটোরিকশা। আর কেল্লার দেয়াল থেকে ১০ ইঞ্চি দূরত্বে আছে লোহার বেড়া, যার অধিকাংশ ভেঙে দেয়ালের সঙ্গে লেগে আছে। দেয়ালের কয়েকটি স্থানে পলেস্তারা খসে গর্তের সৃষ্টি হয়েছে। দেয়ালে একটি নোটিশে লেখা, ‘পুরাকীর্তি জাতীয় সম্পদ, এর রক্ষণাবেক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’ লালবাগ সড়কের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, লেগুনার ধাক্কায় কেল্লার দেয়ালে ক্ষতের সৃষ্টি হয়েছে। এতে কেল্লার ঐতিহ্য নষ্ট হচ্ছে।
লালবাগ কেল্লা কর্তৃপক্ষ ও ডিএসসিসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে কেল্লার দেয়াল ঘেঁষে ছিল ডিএসসিসির পৃথক দুটি ডাস্টবিন। দুই বছর আগে কেল্লার পরিবেশ সুন্দর রাখতে ডাস্টবিনটি উচ্ছেদ করে কর্তৃপক্ষ। তখন লেগুনাগুলো কেল্লার দেয়াল ঘেঁষে রাখা শুরু হয়। পর্যায়ক্রমে অটোরিকশা স্ট্যান্ড গড়ে ওঠে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কেল্লার দেয়াল ঘেঁষে লেগুনা রাখায় প্রায় প্রতিদিনই দেয়ালে ধাক্কা লাগে। এতে দেয়ালটির বিভিন্ন স্থানে পলেস্তারা উঠে গেছে। পরে গত বছর দেয়াল থেকে সামান্য দূরত্বে গ্রিল দিয়ে বেড়া দেয় কর্তৃপক্ষ। কিন্তু সে বেড়াও ভেঙে ফেলা হয়েছে। এখন এই স্ট্যান্ডে প্রায় ৩০টি লেগুনা ও ৬০টি ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আছে। লেগুনাগুলো যাত্রী নিয়ে গুলিস্তানে আর অটোরিকশা চকবাজারে যায়।
ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বলেন, ডিএসসিসির সড়কে স্ট্যান্ড করতে হলে অনুমতির দরকার হয়। কিন্তু ওই স্ট্যান্ড করার ক্ষেত্রে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। এখন স্ট্যান্ডের কারণে লালবাগ কেল্লার দেয়ালটি হুমকির মুখে পড়েছে।