শিক্ষা মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত
লেদার কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে রূপান্তরিত হবে
অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে।চামড়াপ্রযুক্তি বিষয়ে দেশের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে শিক্ষক-সংকটসহ বিভিন্ন সমস্যা চলে আসছে। এই পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষা মন্ত্রণালয় সভা আহ্বান করে। সভাশেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কলেজ অব লেদার টেকনোলজিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির এ বিষয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। শিক্ষামন্ত্রী জানান, চরম শিক্ষক-সংকটের কারণে সম্ভাবনাময় কলেজটিতে পাঠদান ব্যাহত হচ্ছিল। একটি প্রকল্পের অধীনে সেখানে কিছু শিক্ষক ছিলেন। প্রকল্প শেষ হওয়ার পর তাঁদের কী হবে, সে বিষয়ে প্রকল্পে বা নিয়োগের ক্ষেত্রে কিছু বলা ছিল না। তাই প্রকল্প শেষ হওয়ার পর তাঁদের স্থায়ী করা যায়নি। এই পরিস্থিতিতে সংকট শুরু হয়। জনবলকাঠামো না থাকায় সরকার চাইলেও সরাসরি শিক্ষক নিয়োগ দিতে পারছে না। মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে কলেজটি নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত সমস্যার সমাধান করতে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের জন্য দীর্ঘ প্রক্রিয়ায় পড়তে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, চারুকলা কলেজকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করা হয়েছিল, সেভাবে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করা হবে। পরে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে সেটি ইনস্টিটিউট থাকবে, না অনুষদ করা হবে।প্রসঙ্গত, শিক্ষক-সংকটের কারণে দুই বছর কলেজটিতে শিক্ষার্থী ভর্তি করা হয়নি। ৮০ জন শিক্ষক প্রয়োজন হলেও সেখানে নিয়মিত শিক্ষক আছেন মাত্র পাঁচজন। ছয় বছর ধরে চলছে এ সংকট। ১৯৯৭ সালে একটি প্রকল্পের অধীনে ২৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ২০০৫ সালে শেষ হয় ওই প্রকল্প। প্রকল্প শেষ হওয়ার পর শুরু হয় শিক্ষক-সংকট। কারণ প্রকল্পভুক্ত শিক্ষকদের রাজস্ব খাতভুক্ত করার সুযোগ ছিল না। প্রকল্প শেষ হওয়ার পরও অনেক শিক্ষক সেখানে ছিলেন। কিন্তু তাঁদের স্থায়ী করা যায়নি। প্রায় তিন বছর বেতন-ভাতাও পাননি। তখন এ শিক্ষকেরাও আস্তে আস্তে চলে যান। এ অবস্থায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ বা ইনস্টিটিউটে রূপান্তর করার দাবি করে আসছিলেন। গতকালের সভায় তাঁদের সে দাবি পূরণ হয়।গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এ আই মোস্তফাসহ শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।