লেদার টেকনোলজিতে সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ
ফুটবল খেলাকে কেন্দ্র করে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। নতুন করে সংঘর্ষের ঘটনা এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ করে দিয়েছে। ছাত্রদের গতকাল বিকেল চারটার মধ্যে এবং ছাত্রীদের আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। জ্যেষ্ঠ শিক্ষার্থীদের দাবি, কনিষ্ঠদের সমর্থনে কয়েক দিন ধরে ইনস্টিটিউটে বহিরাগতদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। কর্তৃপক্ষকে না জানিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করায় গতকাল তাঁরা বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেন। কিন্তু কিছু কনিষ্ঠ ছাত্র এ সময় জ্যেষ্ঠ শিক্ষার্থীদের গায়ে হাত তুললে সংঘর্ষ বাধে। অন্যদিকে কনিষ্ঠ শিক্ষার্থীরা বলছেন, জ্যেষ্ঠরা অনেক সময়ই তাঁদের ওপর বিভিন্ন ধরনের মত চাপিয়ে দেন। ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সঙ্গে না নেওয়ায় বহিরাগতের অজুহাত দিয়ে তাঁরা কনিষ্ঠদের মারধর করেছেন। আহত সোহেল রানা (জ্যেষ্ঠ ব্যাচ) লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। দুই ঘণ্টা চলার পর দুপুর সাড়ে ১২টার দিকে হাজারীবাগ থানার পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয়। কর্তৃপক্ষের হঠাৎ হল ত্যাগের নির্দেশের ঘটনায় বিড়ম্বনায় পড়েন সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস চলাকালীন হল বন্ধের নির্দেশে রাজধানীতে যাঁদের কোথাও থাকার জায়গা নেই, তাঁরা সংকটে পড়েছেন। এ ঘটনায় ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিছু কনিষ্ঠ ছাত্র বলছেন, তাঁরা জ্যেষ্ঠ শিক্ষার্থীদের কথা মানবেন না। এ নিয়েই মূলত মারামারি শুরু হয়। সংঘর্ষ এড়াতে কর্তৃপক্ষ হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।