লেনিনের জন্মবার্ষিকীতে বাম শক্তির উন্মেষ ঘটানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিরাজমান সংকট নিরসনে বাম শক্তিগুলোর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। দ্বি-দলীয় মেরুকরণের সব মোহ ছেড়ে জনগণকে সঙ্গে নিয়ে বাম বিকল্প শক্তির উন্মেষ ঘটাতে হবে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সিপিবির পাশাপাশি অন্যান্য বামপন্থী সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা ঐক্যবদ্ধ বাম আন্দোলন, বর্তমান পরিস্থিতিতে করণীয়, ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্য প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন।বক্তারা বলেন, লেনিন মানুষের মুক্তির সপক্ষের এক প্রতীক। তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করতে সারা বিশ্বের কমিউনিস্ট-বামপন্থীদের ঐক্যবদ্ধ করা দরকার। তাঁরা আরও বলেন, দেশের গ্যাস ও বিদ্যুৎসংকট মোকাবিলায় কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব ও পথ থাকার পরও সরকার সেই পথে যাচ্ছে না। এক ধরনের সংকট জিইয়ে রাখার চেষ্টা করছে। এর পেছনে কাজ করছে গ্যাস-কয়লার ওপর বহুজাতিক প্রতিষ্ঠানের লোলুপ দৃষ্টি। সভায় বক্তারা ঐক্যবদ্ধ বাম আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক ফয়েজ আহমেদ, বিচারপতি গোলাম রাব্বানী, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আফজাল, গবেষক ও প্রবন্ধকার সৈয়দ আবুল মকসুদ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রেসিডিয়াম সদস্য সাংসদ আমেনা আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।