তাঁরা দুজন পরীক্ষার উত্তরপত্র দেখেছেন আলাদা আলাদাভাবে। একজনের দেওয়া নম্বর অন্যজনের দেখার সুযোগ নেই। কিন্তু দুজনই নম্বর দিয়েছেন একই। একটি বা দুটি নয়, ১২৫টির মধ্যে ৬৬ উত্তরপত্রেই এমন ঘটনা ঘটেছে। মোট নম্বর যেমন হুবহু এক, তেমনই প্রতিটি প্রশ্নের উত্তরেও দুজন একই নম্বর দিয়েছেন।‘অস্বাভাবিক’ এ ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর পর্বের পরীক্ষায়। ২০০৩-০৪ শিক্ষবর্ষের ওই পরীক্ষায় ৪০৩ নম্বর কোর্সে অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক দুজনই ৬৬ শিক্ষার্থীকে একই নম্বর দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কারণে ওই দুই শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষাসংশ্লিষ্ট সব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। গত মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বিভাগীয় চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি গতকাল চিঠিটি পেয়েছেন। এতে দুজন শিক্ষককে পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব পালন থেকে বিরত রাখতে বলা হয়েছে।জানা যায়, ৪০৩ নম্বর কোর্সের শিক্ষক ও অভ্যন্তরীণ পরীক্ষক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোসলেহ উদ্দিন আহমেদ এবং বহিঃপরীক্ষক ছিলেন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শামসুর রহমান।প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা সাধারণত দেখেন দুজন পরীক্ষক। এ ক্ষেত্রে একজনের দেওয়া নম্বর অন্যজনের দেখার সুযোগ নেই। কারণ খাতায় সরাসরি নম্বর লিখে দেওয়া যায় না। দুজন পরীক্ষককে আলাদা নম্বরপত্র দেওয়া হয়।২০১০ সালের ৯ জুলাই ২০০৩-০৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পর্বের সমাপনী পরীক্ষা শেষ হয়। ১২৫ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রাথমিক ফলাফলে ৭১ জন শিক্ষার্থী প্রথম শ্রেণী পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল আটকে রাখে। দীর্ঘ পর্যালোচনা শেষে গত সোমবার সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। সর্বশেষ ৬৯ জন শিক্ষার্থী প্রথম শ্রেণী পেয়েছেন। গ্রেস দিয়ে প্রথম শ্রেণী দেওয়া দুজন শিক্ষার্থীর প্রথম শ্রেণী বাতিল করা হয়েছে বলে জানা গেছে।ফলাফলের বিষয়ে জানতে চাইলে সরকারি কর্মকমিশনের সাবেক সদস্য ও বিভাগের প্রবীণ শিক্ষক মোহাম্মদ মোহাব্বত খান বলেন, ফলাফল নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পূর্ণ তদন্ত ছাড়া ফলাফল প্রকাশ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।৬৯ শিক্ষার্থীর প্রথম শ্রেণী পাওয়া নিয়ে ক্ষোভ রয়েছে বিভাগীয় শিক্ষকদের মধ্যেই। একই মতাদর্শের শিক্ষকেরা জোটবদ্ধ হয়ে বেশি নম্বর দিয়েছেন বলে তাঁদের দাবি। জোটবদ্ধ হতে গিয়ে নিয়মবহির্ভূতভাবে খণ্ডকালীন শিক্ষককে বহিঃপরীক্ষক বানানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।তবে পরীক্ষা কমিটির সদস্য আখতার হোসেন বলেন, খণ্ডকালীন শিক্ষক যে বহিঃপরীক্ষক হতে পারেন না, এ বিষয়টি তাঁদের জানা ছিল না।এ প্রসঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বলেন, খণ্ডকালীন শিক্ষক বহিঃপরীক্ষক হতে পারেন না। ওই শিক্ষক যে বিভাগে খণ্ডকালীন ক্লাস নেন, তা বিভাগ থেকে জানানো হয়নি।