লোকমান অস্ট্রেলিয়ায় অর্থ পাচার করেছেন, মমিনুল সিঙ্গাপুরসহ ৩ দেশে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা বিদেশে পাচার করেছেন। এ ছাড়া ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ১২ কোটি ৩৩ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাঁরা।
লোকমান হোসেন ভূঁইয়া ও মমিনুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের অর্থ পাচার ও অবৈধ সম্পদের বিষয়ে এই তথ্য-প্রমাণ পেয়েছে। আজ সোমবার মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। তাতে দুজনকে ‘ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের হোতা’ বলে উল্লেখ করা হয়।
দুদকের চূড়ান্ত করা অভিযোগপত্রে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া অস্ট্রেলিয়ায় ৫৭ লাখ ৬৩ হাজার টাকা পাচার করেছেন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মমিনুল হক সিঙ্গাপুর, ওমান ও মালয়েশিয়ায় ৭৮ লাখ ১২ হাজার টাকা পাচার করেছেন।
লোকমানের বিরুদ্ধে ৪ কোটি ৩৪ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং মমিনুল হকের বিরুদ্ধে ৪ কোটি সাড়ে ৪৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুই বছর আগে মামলা হয়। দীর্ঘ তদন্তের পর সোমবার দুই মামলার অভিযোগপত্র অনুমোদন দিল দুদক। তবে চূড়ান্ত অভিযোগপত্রে লোকমান হোসেন ভূঁইয়ার অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৯২৫ টাকা বেড়েছে। দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম মামলাটি তদন্ত করেন।
এ ছাড়া লোকমান হোসেন ভূঁইয়া তাঁর স্ত্রী নাবিলা লোকমান ও ছেলে লাবিব জুহায়ের হোসেনের নামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ (এএনজেড), কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া (সিবিএ) ও জেস ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক লিমিটেড (এনএবি) নামের তিনটি ব্যাংকের সাতটি হিসাবে অস্ট্রেলিয়া ও দুবাই থেকে প্রায় এক লাখ অস্ট্রেলিয়ান ডলার নগদে ও ট্রান্সফারের মাধ্যমে জমা করেছেন। ওই টাকা ফেরত আনতে গত বছরের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠায় দুদক। এখনো এর জবাব আসেনি।
একইভাবে সাবেক ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হকের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছিল দুদক। মামলার তদন্তে ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য-প্রমাণ পেয়েছে দুদক। এ ছাড়া সিঙ্গাপুর, ওমান ও মালয়েশিয়ায় তাঁর ৭৮ লাখ ১১ হাজার ৯৭৪ টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার মামলাটি তদন্ত করেন।
দুদকের সচিব মো. মাহবুব হোসেন দুই মামলায় অভিযোগপত্র অনুমোদন করার তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।