ল্যাবএইড হাসপাতালে আবারও অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আবারও চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম মো. ইলিয়াস (২৫)। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ছিলেন।মৃতের ভাই আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গত ১৬ সেপ্টেম্বর ইলিয়াস সড়ক দুর্ঘটনায় আহত হন। সেদিন রাতেই তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ বলেছিল, ১৭ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় ইলিয়াসের অস্ত্রোপচার শুরু করবে। তবে অস্ত্রোপচার শুরু হয় ২টা ৫০ মিনিটে। মামুন অভিযোগ করেন, অস্ত্রোপচার চলাকালে সংশ্লিষ্ট চিকিৎসক এম এইচ শাহরিয়ার সাবেত কক্ষ থেকে বেরিয়ে এসে তাঁর চেম্বারে রোগী দেখেন। রাত ১২টা নাগাদ ওই চিকিৎসক বলেছিলেন ইলিয়াস ভালো আছেন। কিন্তু রাত তিনটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাঁর ভাই অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। অন্যদিকে মৃত্যুসনদে রাত ১১টায় মারা যাওয়ার কথা বলা আছে। আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। জানতে চাইলে ল্যাবএইডের ব্যবস্থাপক (মিডিয়া) কামাল নাজমুস সালেহিন অবহেলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইলিয়াসকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। রোগীর অভিভাবকের সম্মতিতে তাঁর দেহে জরুরি অস্ত্রোপচার করা হয়। কিন্তু রোগীর অবস্থার উন্নতি হয়নি। ইলিয়াসের মৃত্যুর খবর জানার পর গতকাল সোমবার সকালে তাঁর স্বজন ও সহপাঠীরা ল্যাবএইড হাসপাতালে জড় হন। ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, রোগীর স্বজন ও সহপাঠীরা মো. ইলিয়াসের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ল্যাবএইড কর্তৃপক্ষের সঙ্গে বাকিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তাঁদের ৫০-৬০ জনের একটি দল মিরপুর রোডে ১৫-২০ মিনিটের জন্য ব্যারিকেড দেয়। এর আগে গত ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তি চক্রবর্তী ল্যাবএইড হাসপাতালে অবহেলায় মারা যান বলে অভিযোগ ওঠে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।