প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বারবার সামরিক শাসন এ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। রাষ্ট্র ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।গত শনিবার ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতায় গওহর রিজভী এসব কথা বলেন। তাঁর বক্তব্যের শিরোনাম ছিল ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র: সরকারের স্বচ্ছতার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠন’ (হোল্ডিং দ্য স্টেট অ্যাকাউন্ট্যাবল: বিল্ডিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অব গর্ভমেন্ট অ্যাকাউন্ট্যাবিলিটি)। জাতীয় জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। গওহর রিজভী বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি একটি বড় সমস্যা। দারিদ্র্য দূর করার ক্ষেত্রে এটি একটি বড় বাধা। দুর্নীতির ব্যাপ্তি আজ এত বেশি যে সৎ সরকারি কর্মকর্তাদের কথা মানুষ ভুলে গেছে। জনপ্রশাসনের কর্মকর্তারা সৎ হলে দুর্নীতি বন্ধ হবে। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের সম্পদের পরিমাণ জানানো উচিত। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, এশিয়াটিক সোসাইটির সম্পাদক আহমেদ আবদুল্লাহ জামাল প্রমুখ। সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম।