শঙ্কা এখন প্রকৃতি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের ডেরায় স্বপ্নের খুঁটি, সেলিনা হোসেন স্বপ্ন ’৭১ প্রকাশন ও কং পাহাড়ে শয়তান, মাহফুজ রহমান, প্রথমা প্রকাশন

অমর একুশে বইমেলা এই নিয়ে পরপর দুই বছর মার্চ পর্যন্ত গড়াল। গতকাল মঙ্গলবার মেলায় এটা নিয়েই আলোচনা করছিলেন অনেকে। করোনা অতিমারির কারণে গত বছর মেলা শুরু হয়েছিল ১৮ মার্চ। আর এবার মধ্য ফেব্রুয়ারিতে শুরু হয়ে মধ্য মার্চে গিয়ে শেষ হবে। বছরের এই সময় ঝড়বৃষ্টির প্রভাব থাকে। ইতিমধ্যে দুই দিন বৃষ্টির বিড়ম্বনায় পড়তে হয়েছে ক্রেতা–বিক্রেতাদের। মেলার মেয়াদ বৃদ্ধি করায় প্রকাশকেরা খুশি। তবে এখন প্রকৃতি যেন বিরূপ না হয়ে ওঠে, সেটাই সবার চাওয়া।

গতকাল মেলার মাঠে এ বিষয়েই বলছিলেন সাংবাদিক ও লেখক রেজানূর রহমান। গত বছরের মেলার ক্ষতি কাটিয়ে উঠতে এবার প্রকাশকেরা যে বাড়তি সময় পেলেন, তা যেন ভালোভাবে কাজে লাগাতে পারেন, সে জন্য পাঠকদের সহায়তা যেমন প্রয়োজন হবে, তেমনি প্রকৃতিরও সহায়তা দরকার হবে। তবে মেলার প্রকাশনার মান নিয়ে তাঁর অসন্তুষ্টি রয়েছে। তিনি বললেন, মেলা আকারে বড় হয়েছে। এতে সবাই আনন্দিত।

কিন্তু ভালো বইয়ের পরিমাণ কমে আসছে। সবচেয়ে বেশি সমস্যা শিশুতোষ বই নিয়ে। অনেক বানান ভুল, রচনার মানও ভালো না। শিশুরা বইতে ছাপা জিনিসগুলো বিশ্বাস করে। ফলে অনেক ভুল জিনিস তারা সত্য বলে শিখে ফেলছে। এটা খুবই ভয়াবহ। মেলার এক–দুই মাস আগে তাড়াহুড়ো করে বই না ছেপে প্রকাশকদের উচিত এখন বছরের শুরু থেকে পরিকল্পনা করে, সুসম্পাদিত, নির্ভুল বই প্রকাশ করা।

অধ্যাপক জামিলুর রেজা স্মরণ

গতকাল বিকেলে মেলার মূলমঞ্চে ছিল ‘স্মরণ: জামিলুর রেজা চৌধুরী’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ পাঠ করেন মাসিক বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচনা করেন মোহাম্মদ কায়কোবাদ, মাসুদুল হক ও মুনির হাসান। সভাপতিত্ব করেন অধ্যাপক আইনুন নিশাত। তাঁরা বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর জ্ঞানের গভীরতা ও বৈচিত্র্য ছিল বিপুল। নিজের জ্ঞান ও মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে সারা জীবন কাজ করেছেন। তিনি বিজ্ঞানের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, দর্শন বিষয়েও তরুণদের জ্ঞানার্জন করতে অনুপ্রাণিত করেছেন।

লেখক বলছি মঞ্চে নিজের বই নিয়ে আলোচনা করেন জি এইচ হাবিব।

নতুন বই

গতকাল মেলার তথ্যকেন্দ্রে ৬৯টি নতুন বইয়ের নাম তালিকাভুক্ত হয়েছে। প্রথমা প্রকাশন থেকে এসেছে মাহফুজ রহমানের কং পাহাড়ে শয়তান। অন্য বইয়ের মধ্যে ভালো চলেছে, মহিউদ্দিন আহমদের প্রতিনায়ক: সিরাজুল আলম খান, মতিউর রহমানের সাক্ষাৎকার ও সম্পাদনায় ১৫ আগস্ট হত্যাকাণ্ড: কে এম সফিউল্লাহ ও শাফায়াত জামিল, একাত্তরের চিঠি। অন্য নতুন বইয়ের মধ্য সেলিনা হোসেনের গল্পগ্রন্থ মানুষের ডেরায় স্বপ্নের খুঁটি এনেছে স্বপ্ন ’৭১ প্রকাশন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ এনেছে রাজীব সরকারের প্রবন্ধ রবীন্দ্রনাথ, সত্যজিৎ ও বিবিধ প্রসঙ্গ, ইউপিএল এনেছে ফাহমিদুল হকের চলচ্চিত্র: তত্ত্ব ও গবেষণা, অন্য প্রকাশ এনেছে ড. আলী আকবর মল্লিকের ব্যতিক্রমী প্রবন্ধ উত্তর খুঁজে পাই না, জাগতিক এনেছে জাহাঙ্গীর হোসেনের ভ্রমণকাহিনি স্মৃতির পাতায় মালয়েশিয়া, তাম্রলিপি এনেছে অধরা জাহানের কবিতা নীল পেয়ালার বিষ, বাউন্ডুলে এনেছে সালেক আল মাহমুদের সুমেরীয় সভ্যতার আক্কাদীয় রাজবংশের রাজকন্যা ও কবি এনহেদুয়ানার জীবন ও ইতিহাসবিষয়ক গ্রন্থ এনহেদুয়ানা, আগামী এনেছে ড. হালিম দাদ খানের স্বাধীন বাংলাদেশের প্রথম ১২৩ দিন, ঐতিহ্য এনেছে পিয়াস মজিদের কবিতা এই সব মকারি।

সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক দুর্দশা বুঝতে সাংস্কৃতিক রাজনীতির তত্ত্বতালাশ শুধু কার্যকর উপায়ই নয়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতাকে বুঝতেও এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি রাজনৈতিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন, যা পাঠককে ভাবাবে। বইটি প্রকাশ করেছে সংহতি।

বইটিতে লেখক এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনীতির কয়েকটি প্রধান দিক তিনটি পর্বে আলোচনা করেছেন। উনিশ-বিশ শতকের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও প্রসঙ্গ নিয়ে গ্রন্থটির তাত্ত্বিক পটভূমি ও বিস্তার। দ্বিধাবিভক্ত সাংস্কৃতিক রাজনীতি কীভাবে রাষ্ট্রের কাঠামোগত অস্তিত্বকে বিপন্ন করেছে এবং এর মোকাবিলায় আমাদের সাংস্কৃতিক চর্চার নানা ধূসর পরিসর কীভাবে নতুন পথ দেখাতে পারে, সেটাই এই গ্রন্থের মূল অনুসন্ধান।