শত কিমি হেঁটে ধর্ষণের প্রতিবাদ

১০০ কিলোমিটার পথ হেঁটে মঙ্গলবার শাহবাগে পৌঁছান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী (ব্যানার হাতে)ছবি: আহমেদ দীপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে প্রায় ১০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে হাঁটা শুরু করে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ঢাকার শাহবাগে পৌঁছান।

এই শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতিখার আলম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর সাকলাইন, অর্থনীতি বিভাগের বিডি রায়হান ও সংগীত বিভাগের আশফাক অনিক।

চার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে ১৫ কিলোমিটার হেঁটে রাতে তাঁরা কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছান। সেদিন স্থানীয় চায়ের দোকান ও পথচারীদের মধ্যে ধর্ষণবিরোধী প্রচারণা চালান তাঁরা। রোববার তাঁরা গাজীপুরের কাপাসিয়া এসে পৌঁছান। পরদিন সোমবার রাজেন্দ্রপুর হয়ে টঙ্গী পর্যন্ত পৌঁছান।

সেদিন রাতে তাঁরা টঙ্গীতে অবস্থান করেন। এরপর আজ মঙ্গলবার সকালে টঙ্গী থেকে হাঁটা শুরু করে বিকেলে শাহবাগে পৌঁছান। এই পথটুকুতে সাধারণ মানুষ তাঁদের সংহতি জানিয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, দেশে ধর্ষণের ঘটনায় ক্ষোভ থেকে এ কর্মসূচি নিয়েছেন তাঁরা। তাঁদের লক্ষ্য ছিল, ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরত্বের কোনো জেলা থেকে তাঁরা হাঁটা শুরু করবেন। এ জন্যই কিশোরগঞ্জকে বেছে নেওয়া।

ইফতিখার আলম প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনার আমরা স্থায়ী সমাধান চাই। যে ধর্ষণ করে তাঁকে একঘরে করে শাস্তি দেওয়া উচিত, সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তিনি আরও বলেন, খুন করলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। তবু খুন সমাজে কমছে না। তাই সবার আগে সমাজে ধর্ষণ বন্ধের পরিবেশ তৈরি করতে হবে।

আশফাক অনিক প্রথম আলোকে বলেন, ‘প্রতিবাদের নানা ভাষা, রকম হতে পারে। ব্যতিক্রমী কিছু করার লক্ষ্যে আমরা হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, যাতে বেশি মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছায়।’