শত কোটি টাকার সড়ক এখন দুর্ঘটনার ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত মাঝপথে প্রায় গর্ত৷ পুরো রাস্তা কার্পেটিং করা হলেও কিছু কিছু জায়গায় ​এমন গর্তে গাড়ি আটকে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা l সাবিনা ​ইয়াসমিন
মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত মাঝপথে প্রায় গর্ত৷ পুরো রাস্তা কার্পেটিং করা হলেও কিছু কিছু জায়গায় ​এমন গর্তে গাড়ি আটকে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা l সাবিনা ​ইয়াসমিন

রাজধানীর পল্লবী থেকে মিরপুর-১০ নম্বর সড়কটি দুই বছরেরও কম সময় আগে প্রশস্ত করা হয়। খরচ হয়েছিল প্রায় শতকোটি টাকা। বছর না ঘুরতেই আবার সড়কটি খোঁড়া হয়েছে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
মেট্রোরেল প্রকল্পের জন্য তিন মাস আগে এই সড়কটি খোঁড়া হয়। সেই কাজ প্রায় শেষ হলেও সড়কটি সংস্কার হচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন আর ঢাকা মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষ একে অন্যের কাঁধ দায় চাপাচ্ছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রায় দুই কিলোমিটার সড়কটিতে মেট্রোরেল প্রকল্পের মাটি ও আনুষঙ্গিক পরীক্ষার জন্য বড় বড় গর্ত করা হয়েছে এক বছর ধরে। তিন মাস আগে সেই কাজ শেষ হয়েছে। কিন্তু গর্তগুলো মাটি দিয়ে ভরাট হলেও পিচঢালাই করা হয়নি।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যাত্রীদের অভিযোগ, গর্তের কারণে তাঁরা দুর্ঘটনায় পড়ছেন। একইভাবে যানবাহনের মালিকেরা বলছেন, গর্তে পড়ে প্রতিদিনই তাঁদের গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। গর্তের কারণে রিকশা উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। গর্ত এড়াতে চালকেরা এঁকেবেঁকে গাড়ি চালাচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মিরপুর পল্লবীর ১২ নম্বর সেকশন থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের মাঝখানে ৪০টির মতো গর্ত খোঁড়া হয়েছে। প্রতিটি গর্ত ১ মিটার প্রশস্ত। আর দৈর্ঘ্য ৭-৮ মিটার। একই সময় ঢাকা ওয়াসার নতুন পানির পাইপ বসানোর কাজ চলে সড়কটির দুই পাশে।
কাজ শেষ হলেও দায়সারাভাবে কেবল ইট-মাটি দিয়ে গর্ত ভরাট করে দেওয়া হয়েছে। বর্ষার পানি আর ভারী যানবাহন চলাচলের কারণে গর্তগুলো আরও গভীর হয়ে গেছে। কোনো কোনো গর্ত আধা ফুট মতো গভীর হয়ে গেছে।
এ পথ দিয়ে মিরপুর-গুলিস্তান রুটে চলাচলকারী ইটিসি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গর্তে পড়ে প্রতিদিন কোনো না কোনো বাসের স্প্রিং ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে। আবার চাকাও ফেটে যাচ্ছে। ঝাঁকুনি বেশি হওয়ায় বাসের ভেতর যাত্রীরাও ব্যথা পাচ্ছেন।
গাড়িচালক মো. লিটন বলেন, গর্তের কারণে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা যায় না। রাতের বেলা দূর থেকে এগুলো বোঝাও যায় না। তা ছাড়া, গর্তে পানি জমে থাকলে সমস্যা আরও বেশি হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক প্রথম আলোকে, গর্তগুলোর ভরাটের দায়িত্ব ঢাকা মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষের। তিন বছরের এই প্রকল্পের জন্য তারা সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নিয়েছে। এ সময় সড়কের যাবতীয় দেখভালের দায়িত্ব মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষের। সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়কটি সংস্কারের কথা তাদের বলা হবে।
এদিকে মেট্রোরেল প্রকল্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, গর্তগুলো ভরাটের দায়িত্ব সিটি করপোরেশনের। ক্ষতিপূরণ হিসেবে তাদের ৬৭ লাখ টাকা দেওয়া হয়েছে।