শত শত বিচার এখনো শেষের অপেক্ষায়
মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ভিকারুননিসার ছাত্রী লাঞ্ছনার ঘটনায় বিচার হয়েছে। কিন্তু এমন শত শত বিচার শেষ হওয়ার অপেক্ষায় আছে।
গতকাল বুধবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধনী আয়োজনে সভাপতির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। এ উপলক্ষে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে গতকাল মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক বৃত্তে বাঁক নাটক পরিবেশন করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাঁরা পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত যান।
এ ছাড়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ শোভাযাত্রা ও সেমিনার করেছে। নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমী থেকে স্কুলের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ।
শহীদ মিনার থেকে পতাকা মিছিলের আগে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আজকে আমরা একটা বিচারের রায় পেয়েছি। আজকে এক ছাত্রীকে লাঞ্ছিত করার জন্য যে শিক্ষককে অভিযুক্ত করা হয়েছিল, তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। যাঁরা বিচারব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এর সঙ্গে এ-ও দাবি জানাচ্ছি, এই উদাহরণ টিকিয়ে রাখার দায়িত্বও কিন্তু তাঁদের।’ তিনি বলেন, একটি বিচার হয়েছে, শত শত বিচার এখনো শেষের অপেক্ষায় রয়েছে। এ সময় নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, আমরাই পারির জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক প্রমুখ বক্তব্য দেন।
যৌন হয়রানি, নিপীড়ন ও সব ধরনের সহিংসতামুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে বাংলাদেশ মহিলা পরিষদ ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শোভাযাত্রা শুরু হয়। এ সময় মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি ঘর হবে নারীর সুরক্ষার স্থান। নারী-পুরুষের সমতাপূর্ণ মানবিক সমাজ গঠনের আগ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’ এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সৈয়দ শাইখ ইমতিয়াজ বক্তব্য দেন।