শতবর্ষ উদ্‌যাপনের সমাপনী করতে যাচ্ছে ঢাকার মাধ্ব গৌড়ীয় মঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্ব গৌড়ীয় মঠের শতবর্ষ উদ্‌যাপনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন
ছবি: প্রথম আলো

ঢাকার নারিন্দায় অবস্থিত মাধ্ব গৌড়ীয় মঠের শতবর্ষ উদ্‌যাপনের সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার ও শনিবার। মঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শতবর্ষ উদ্‌যাপনের উদ্বোধনী অনুষ্ঠানটি ২০২০ সালের ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের কারণে আটকে ছিল সমাপনী অনুষ্ঠান।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় শতবর্ষ উদ্‌যাপন আয়োজনে সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে দুদিনব্যাপী অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে ধর্ম–বর্ণনির্বিশেষে সবাইকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মাধ্ব গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায়। তিনি জানান, শুক্রবার সকালে শোভাযাত্রা, শান্তিযজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা সাতটার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরদিন শনিবার সকালে নগর সংকীর্তন, ভক্ত সম্মেলন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। ওই দিন সন্ধ্যার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৈষ্ণব ধর্ম পালনকারী, অর্থাৎ শ্রী চৈতন্য দেবের ভক্তদের গৌড়ীয় বলা হয়।

উৎপল কুমার রায় বলেন, শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ১৯২১ সালের ৩১ অক্টোবর ঢাকায় মাধ্ব গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ৬৪ মঠের মধ্যে ঢাকা শ্রী শ্রী মাধ্ব গৌড়ীয় মঠ তৃতীয়। রাজধানীর নারিন্দার এ মঠটিকে সরকার জাতীয় স্থাপনা হিসেবে ঘোষণা করেছে।

মাধ্ব গৌড়ীয় মঠের সাধারণ সম্পাদক আরও বলেন, এ মঠ থেকে সনাতন ধর্মের শুদ্ধ ভক্তিধারার আচরণ শিক্ষা দেওয়া হয়। রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোলপূর্ণিমার মতো উৎসবের আয়োজন করা হয়। এ ছাড়া মঠটি থেকে নিরক্ষরতার দূরীকরণ, দরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, চক্ষু চিকিৎসা ক্যাম্প, অন্ন ও বস্ত্রদানসহ নানা সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজ পরিচালিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্ব গৌড়ীয় মঠ পরিচালনা কমিটির সভাপতি গিরিধারী লাল মোদী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, আইনজীবী সুব্রত চৌধুরী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।