শতাধিক চিকিৎসকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তিনটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭টি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদ খালি আছে। এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কর্মকর্তার পদে চিকিৎসক নেই। একই অবস্থা রাজধানীর বিশেষায়িত সরকারি হাসপাতালগুলোতে। সরকারি কর্মকর্তরাই বলছেন, সব মিলে শতাধিক পদ শূন্য। সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, রাজধানীর হাসপাতালগুলোয় চিকিৎসকের কোনো পদ খালি নেই। গত ২০ জুন সংসদে ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় চিকিৎসকের পদ খালি আছে কি না? কোন কোন পদে কতটি খালি তাও তিনি জানতে চান। এ প্রশ্নের উত্তরে মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছিলেন, রাজধানী ঢাকার বিদ্যমান হাসপাতালগুলোতে বর্তমানে কোনো চিকিৎসকের পদ খালি নেই। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, এ মেডিকেল কলেজ হাসপাতালে ছয়টি অধ্যাপক, ১৪টি সহযোগী অধ্যাপক এবং সাতটি সহকারী অধ্যাপকের পদ খালি আছে। বিশেষজ্ঞ চিকিৎসক সংকট থাকায় হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এ হাসপাতালের চক্ষুবিভাগ অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপকের পদ খালি থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে। বিভাগের মূল্যবান যন্ত্র ব্যবহূত না হওয়ায় অকেজো হওয়ার উপক্রম হয়েছে। উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, এ বিভাগের চিকিৎসক সংকটের বিষয়টি মন্ত্রীকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কেউ সেখানে যোগদান করেনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার প্রথম আলোকে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ও রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের পদ ও শূন্য পদের সংখ্যার তথ্য প্রতি মাসে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, চিকিৎসকদের পদ খালি থাকলেও চিকিৎসার কোনো সমস্যা হচ্ছে না। চিকিৎসকেরা অতিরিক্ত কাজ করে সংকট পূরণ করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এই কলেজ হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের কমপক্ষে ২৭টি পদ খালি আছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপকের তিনটি পদ খালি। তিনটি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও রাজধানীতে বেশ কিছু বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালেও চিকিৎসকের পদ খালি আছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হোসেন খান চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর প্রতিষ্ঠানে এনেসথেসিয়া বিভাগে একজন ও কার্ডিয়াক সার্জারি বিভাগে একজন অধ্যাপকের পদ খালি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্বাস্থ্যমন্ত্রী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর যতদূর মনে পড়ে সংসদে মূলত মেডিকেল কর্মকর্তার ব্যাপারেই কথা হয়েছিল। তিনি আরও বলেন, অনেকে অবসরে যান, অনেকে কর্মস্থল পরিবর্তন করেন—সে কারণে অনেক সময় পদ খালি হতে পারে।