শনিবার থেকে ক্লাস শুরু হতে পারে বুয়েটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গতকাল বুধবার বিকেলে তাঁরা তালা খুলে দেন। এ অবস্থায় আগামী শনিবার থেকে ক্লাস শুরু করার আশা করছে কর্তৃপক্ষ।দুর্বৃত্তদের হামলায় ৯ এপ্রিল বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হান গুরুতর আহত হওয়ার পর থেকে প্রধান ফটক ও ক্যাম্পাসে প্রবেশের পথ আটকে রাখা হয়। চার দিন বন্ধ থাকে সব ক্লাস।বুয়েট সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলাম তাঁর কার্যালয়ে সব অনুষদের ডিনের সঙ্গে আলোচনা করেন। এরপর তাঁরা আলোচনা করেন শিক্ষার্থীদের সঙ্গে।উপাচার্য নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আগামী শনিবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরাও ফটকের তালা খুলে দিয়েছে। তারা ক্লাসে আসবে বলে জানিয়েছে।’ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনে চিকিৎসার জন্য আরিফকে দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া আমরা শিক্ষার্থীদের বলেছি, ছাত্রকল্যাণ উপদেষ্টাকে ওই দায়িত্বে বহাল রেখেই ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরাও বিষয়টি মেনে নিয়েছে।’এদিকে উপাচার্যের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েটের রেজিস্ট্রার এ কে এ মাসুদ বলেছেন, গত মঙ্গলবার উপাচার্য সার্বিক পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি দেওয়ার কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটিও ইতিমধ্যে কাজ শুরু করেছে।যন্ত্রকৌশল বিভাগের ছাত্র আরিফকে হলে ঢুকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আরিফের জ্ঞান গতকাল পর্যন্ত ফেরেনি।এক ছাত্র আটক: এদিকে আরিফের ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রকে আটক করেছে চকবাজার থানার পুলিশ। ওই ছাত্রের নাম মেজবাহ উদ্দিন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এম এ রশীদ হল থেকে চকবাজার থানার পুলিশ মেজবাহকে মঙ্গলবার গভীর রাতে আটক করেছে। এ সময় তাঁর কম্পিউটার ও কিছু বই জব্দ করা হয়। ছাত্রকল্যাণ পরিচালক বলেন, ‘কোনো দলের সঙ্গে মেজবাহ উদ্দিনের সংশ্লিষ্টতা আছে কি না, তা জানা নেই। তবে সাম্প্রতিক সময়ে তাঁর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করা গেছে।’