শনিবারের সংঘর্ষের ঘটনায় দুই মামলা, ৩০ জনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত শনিবার জাতীয় প্রেসক্লাব এলাকায় সমমনা ইসলামি ও ১২ দলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে খেলাফত আন্দোলনের আমির শাহ আহম্মেদুল্লাহ আশরাফ ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ মোট ৩৭২ জনকে আসামি করা হয়েছে।দুই মামলায় গ্রেপ্তার ৩২ জনের মধ্যে ৩০ জনের গতকাল রোববার এক দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। বাকি দুজন আহম্মেদুল্লাহ ও নেজামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।শাহবাগ থানার সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা শনিবার মধ্যরাতে সমমনা ইসলামি ও ১২ দলের নেতা-কর্মীসহ ৩৬ জনের নাম উল্লেখ ছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। থানার আরেক এসআই মুক্তার হোসেন একই ব্যক্তিদের আসামি করে দ্রুত বিচার আইনে অপর মামলাটি করেন।শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল প্রথম আলোকে বলেন, সংঘর্ষ, গাড়ি পোড়ানো ও ভাঙচুরের সঙ্গে জড়িত আটক ৩২ জনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর যাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ৩২ জনের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ৩০ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত বাকি দুজনকে কারাগারে পাঠিয়ে দেন। এ ছাড়া দ্রুত বিচার আইনের মামলায় ওই ৩০ জনের মধ্যে ১২ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলার এজাহারে বলা হয়, সমমনা ইসলামি ও ১২ দল সমাবেশ করার ঘোষণা দিলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু শনিবার এসব দলের নেতা-কর্মীরা নিষেধাজ্ঞা ভেঙে পুলিশের ওপর জুতা, ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আহত হয়। তাঁরা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।মুক্তি দাবি: বাংলাদেশ ন্যাপ, ইসলামী ঐক্য আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল পৃথক বিবৃতিতে সমমনা ইসলামি ও ১২ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে গ্রেপ্তার করা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়।