
কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকলেন এক শিক্ষার্থী। শব্দ শুনে পরিচয় জানতে চাইলেন একজন কর্মকর্তা। পরিচয় দিয়ে ওই শিক্ষার্থী বসলেন কক্ষের ভেতরে বইয়ের তাকের সামনে সাজিয়ে রাখা চেয়ার-টেবিলে। শিক্ষার্থীর কাছে থেকে বইয়ের নাম শুনে ওই কর্মকর্তা গেলেন তাকের কাছে। একেকটি তাক স্পর্শ করে খুঁজতে শুরু করলেন বই।
শব্দ আর স্পর্শের এমন ব্যবহার দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের রিসোর্স সেন্টারে। যেখানকার কর্মকর্তারাও দৃষ্টিপ্রতিবন্ধী।
গ্রন্থাগারে এসে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে এই রিসোর্স সেন্টার। যেখানে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক উপকরণ যেমন ব্রেইল বই, পার্কিং ব্রেইল (ব্রেইল টাইপ মেশিন), রাইটিং ফ্রেম, ক্যাসেট প্লেয়ার, ব্রেইল পেপার ও বিশেষ সুবিধাসংবলিত কম্পিউটার আছে সেন্টারটিতে। এ ছাড়া সেন্টারে বিভিন্ন বিভাগের ২৩টি বই আছে। কোর্স অনুযায়ী একেক বই ১০টি খণ্ডে বিভক্ত।
সেন্টারটির অবস্থান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলার সাইবার সেন্টারের পাশে। গতকাল মঙ্গলবার দুপুরে সেন্টারটিতে গিয়ে দেখা গেল, শিক্ষার্থীদের বসার জন্য সেন্টারের ভেতর একটি টেবিলের চারপাশে ১০ থেকে ১৫টি আসন। এর পাশে বইয়ের তাক। একটি টেবিলের ওপর রাখা কম্পিউটার। টেবিলে রাখা বই উচ্চ স্বরে পড়ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আজিজ। রেকর্ডার যন্ত্রে সেটি রেকর্ড হচ্ছিল।
আজিজ বলেন, ব্রেইল বই হাতের স্পর্শে পড়া হয়। যেহেতু সেন্টার থেকে বই নেওয়া যায় না, তাই এখানে পড়ে রেকর্ড করে নিচ্ছেন। যাতে হলে গিয়ে শুনতে পারেন।
সেন্টারটি পরিচালনার দায়িত্বে আছেন চারজন কর্মকর্তা। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তাঁদের কাজ মূলত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বই সরবরাহ ও অন্যান্য কাজে সহায়তা করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন শাহীন সরকার। জন্মের তিন মাসের মাথায় দৃষ্টিশক্তি হারানো শাহীন সেন্টারটিতে কাজ করছেন সাত বছর ধরে। তিনি বর্তমানে সহকারী গ্রন্থাগারিক।
২০১১ সাল থেকে সহকারী গ্রন্থাগারিক হিসেবে কর্মরত আছেন সারোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন তিনি। জন্মের আড়াই বছরের মাথায় ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারানো সারোয়ারের একটি বই প্রকাশিত হয়েছে। ২০১০ সালে বাংলা একাডেমি বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অবস্থা ও সম্ভাবনা নামের বইটি প্রকাশ করে।
সারোয়ার হোসেন বলেন, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পড়াশোনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করা গৌরবের। যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধীরাও সব কাজে অংশ নিতে পারেন। কারণ, দৃষ্টিশক্তিহীনতা এখন আর কোনো সীমাবদ্ধতা নয়।