শব্দ দূষণ করায় তিন প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা
শব্দ দূষণ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করায় রাজধানীর তিনটি প্রতিষ্ঠানকে গতকাল বুধবার মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ।পরিবেশ অধিদপ্তর জানায়, নাগরিকদের অভিযোগের ভিত্তিতে অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল সরেজমিনে দিলকুশা, এলিফ্যান্ট রোড ও আগারগাঁওয়ে যায় এবং এসব স্থানে শব্দের মাত্রা পায় যথাক্রমে ১০৩.৫/৯৯.০/৯৬/৯৪.৮/ ৯৩.৫/৮৮/৮৫/৭৪ এবং ৭০ ডেসিবল (সকাল, দুপুর ও বিকেল)। এ তিনটি স্থানে শব্দের সহনীয় মাত্রা যথাক্রমে ৫০ ও ৬০ ডেসিবল। বহুতল ভবন নির্মাণকাজে উচ্চক্ষমতার পাইলিং যন্ত্রপাতি ব্যবহার করে শব্দ দূষণ ও ভবনে কম্পন সৃষ্টি এবং ত্রুটিপূর্ণ জেনারেটর পরিচালনা করার প্রমাণ পাওয়ায় অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলো দিলকুশার ইউনুস ট্রেড সেন্টার (পাঁচ লাখ টাকা), এলিফ্যান্ট রোডের সামির প্রপার্টিজ লি. (পাঁচ লাখ) এবং আগারগাঁওয়ের মণিকা মিনা টাওয়ার (এক লাখ)। তিনি ওই প্রতিষ্ঠানগুলোকে শব্দের মাত্রা সহনীয় মাত্রায় নামিয়ে আনতে ১০-১৫ দিন সময়সীমা নির্ধারণ করে দেন।ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মোহাম্মদ মুনীর চৌধুরী।