শব্দদূষণে অতিষ্ঠ রাজধানীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, নির্মাণ যন্ত্রসামগ্রীর বিকট শব্দ, উচ্চস্বরে মাইকিং সব মিলিয়ে শব্দদূষণে অতিষ্ঠ ঢাকা শহরের মানুষ। শব্দদূষণের কারণে শহরের অনেক মানুষের স্থায়ীভাবে বধির হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু ও বৃদ্ধরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক আবুল হাসনাত জোয়ারদার প্রথম আলোকে বলেন, বধিরতা সমস্যা নিয়ে হাসপাতালে যেসব রোগী আসেন তাঁদের মধ্যে অন্তত ১০ শতাংশের বধিরতার কারণ শব্দদূষণ। এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেছেন, শব্দদূষণের কারণে মাথাব্যথা, বিষণ্নতা, উদ্বিগ্নতা, মেজাজ খিটখিটে হয়। এর ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে। সরকার ২০০৬ সালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালায় শহরকে তিনটি এলাকায় বিভক্ত করে শব্দের সহনীয় মাত্রা নির্ধারণ করে দিয়েছিল। তাতে বলা হয়েছিল, নীরব এলাকায় (হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত) দিনের বেলায় শব্দের সহনীয় মাত্রা ৫০ ও রাতে ৪০ ডেসিবল। আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবলের মধ্যে রাখতে হয়। মিশ্র অবস্থানে (যেখানে একই সঙ্গে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠান থাকে) দিনে ৬০ এবং রাতে ৫০ ডেসিবল। মানুষ এ সম্পর্কে বিশেষ কিছু জানে না।ওই বিধিমালায় বলা হয়েছিল, আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে নির্মাণকাজের জন্য ইট বা পাথর ভাঙার যন্ত্র ব্যবহার করা যাবে না। বিধিমালায় নীরব এলাকার চারদিকে ১০০ মিটার পর্যন্ত যানবাহনের হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিয়ম মানছে না কেউই। সেটি দেখারও কেউ নেই।বেজেই চলেছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন: সরকার আইন করে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ করেছে। কিন্তু যানবাহনের মালিক ও চালকেরা সে আইন মানছেন না। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, হাইড্রোলিক হর্নের বিষয়ে পরিবেশ আইনে কিছু বলা নেই। তবে তার পরও যানবাহনের যন্ত্রাংশ আমদানিকারক সমিতির সঙ্গে আলোচনা করে বিভিন্ন সময় হাইড্রোলিক হর্ন আমদানি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, মাঝেমধ্যেই শব্দদূষণ রোধে পরিচালিত মোবাইল কোর্ট গাড়ির হাইড্রোলিক হর্ন খুলে নেয়। কিছু আর্থিক জরিমানাও করে। অধিদপ্তরের অনিয়মিত অভিযান: পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এ শব্দদূষণকারীর বিরুদ্ধে অনধিক এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তবে এ ব্যাপারে মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই।শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর মাঝেমধ্যে বিশেষ অভিযান চালায়। তবে সে অভিযান শুধু যানবাহনের ক্ষেত্রে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত এক বছরে ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। আবদুস সোবহান বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে খুব বেশি শাস্তি দেওয়া সম্ভব হয় না। তবে বিভিন্ন সময় অধিদপ্তর থেকে মামলা হয়েছে। শব্দদূষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা থাকলেও এ বছরের চার মাসে মাত্র তিন দিন অভিযান চলেছে।