শব্দদূষণে বধিরতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক, কান, গলা বিভাগের অধীন অডিওলজি শাখায় মানুষের বধিরতার ধরন ও মাত্রা নির্ণয় করা হয়। এ শাখায় চার বছর আগে ৮ শতাংশ রোগীর বধিরতার কারণ হিসেবে শব্দদূষণকে দায়ী করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে, ১০ শতাংশ রোগী বধির হচ্ছে শব্দদূষণের কারণে। বিভাগের শ্রুতিপরিমাপক জেসমিন আরা জানান, এ সংখ্যা ক্রমে বাড়ছে।বেসরকারি সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ‘ঢাকা মহানগরের শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়’ বিষয়ে এক সাম্প্রতিক জরিপে জানিয়েছে, শব্দদূষণের যে সহনীয় মাত্রা রয়েছে, পুরো ঢাকাতেই তার চেয়ে অন্তত দেড় থেকে দুই গুণ বেশি শব্দদূষণ হচ্ছে। রাজধানীর নীরব এলাকা হিসেবে পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস এলাকায় যেখানে দিনের বেলায় শব্দের সহনীয় মানমাত্রা ৫০ ডেসিবেল থাকার কথা, সেখানে সর্বনিম্ন মাত্রা ৮৪ ডেসিবেল। এ এলাকার চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকা এর আওতাভুক্ত। এ বছর ১৬ থেকে ২২ এপ্রিল ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের মোট ৫৬টি স্থানের শব্দের মাত্রা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। শব্দদূষণ বিধিমালা ২০০৬-এর আওতায় নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প—এ পাঁচ এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করা হয়েছে।গবেষণায় যানবাহনের শব্দকে শব্দদূষণের প্রধান উৎস বলে চিহ্নিত করা হয়। বেসরকারি সংগঠন ডব্লিউবিবি ট্রাস্ট ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২০০৭ এবং ২০১৩ সালে ঢাকা শহরের বিভিন্ন এলাকার শব্দদূষণের মাত্রা নিরূপণ করেছে। দেখা যাচ্ছে, ২০০৭ সালে ঢাকার ফার্মগেট ও গুলিস্তান এলাকায় শব্দের মাত্রা ছিল ৯৩ ও ৯২ ডেসিবেল। এ দুই এলাকায় দূষণের মাত্রা ২০১৩ সালে এসে দাঁড়ায় ১০২ ডেসিবেল। তদারকির ব্যবস্থা নেই: শব্দদূষণ নিয়মিত দেখভালের কোনো ব্যবস্থা পরিবেশ অধিদপ্তরের নেই বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (ঢাকা গবেষণাগার) আফরিন আখতার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা শুধু বাতাসের মান এবং উপরিস্থিত পানির মানটি নিয়মিত দেখি। কেবল অভিযোগের ভিত্তিতেই শব্দদূষণের বিষয়টি দেখা হয়।’ পবার গবেষণায় বলা হয়, শব্দের মাত্রা নিয়ন্ত্রণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকারি যেসব সংস্থা রয়েছে যেমন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)—এগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। পবার প্রতিবেদনটির এ অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম রব্বানী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কোনো কাজে সমন্বয়হীনতা নেই বলেই জানান বিআরটিএর চেয়ারম্যান আ ল ম আবদুর রহমান। তিনি বলেন, ‘আমরা তো সবাই মিলে সভা করি।’ তবে সর্বশেষ কবে সরকারি একাধিক দপ্তর একসঙ্গে শব্দদূষণের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করেছিল, তা তিনি বলতে পারেননি।ক্ষতি অপূরণীয়: শব্দদূষণের ফলে শ্রবণশক্তি হারালে এ ক্ষতি কখনোই পূরণ হয় না, এটা শব্দদূষণের সবচেয়ে ক্ষতিকর দিক বলে মন্তব্য করেন বিএসএমএমইউয়ের নাক, কান, গলা বিভাগের সভাপতি অধ্যাপক আবুল হাসনাত জোয়ারদার। তিনি বলেন, শব্দদূষণে কেবল শ্রবণশক্তির ক্ষয় হয় না। শ্রবণবহির্ভূত প্রতিক্রিয়াও মারাত্মক। এর মধ্যে আছে স্নায়ুজনিত সমস্যা ও হূদেরাগের সমস্যা। শিশুদের ঝুঁকি তুলনামূলক বেশি বলে তিনি উল্লেখ করেন। পবার জরিপ অনুসারে, বারডেম হাসপাতালের পাশে দিনের বেলাতেই শব্দের মাত্রা ৯৩ ডেসিবেল। এ হাসপাতালের হূদেরাগীদের কেবিনটি রাস্তার ঠিক পাশেই। হূদেরাগ বিভাগের চিকিৎসক সি এম শাহীন কবীর প্রথম আলোকে বলেন, ‘রাতে যখন রোগীদের পরিদর্শনে যাই তখন অনেক রোগীকে দেখি শব্দের কারণে জেগে আছেন। তখন তাঁদের অতিরিক্ত ডোজের ঘুমের ওষুধ দিতে হয়। এটা রোগীদের জন্য ক্ষতিকর।’ বিধিমালা পরিবর্তনের দাবি: শব্দদূষণ নিরসনে ২০০৬ সালের বিধিমালাটির পরিবর্তনের কথা বলেছেন গবেষক, পরিবেশকর্মী এমনকি পরিবেশ অধিদপ্তরের কর্তাব্যক্তিরাও। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) আবুল মনসুর বলছিলেন, বিধিমালায় যে পাঁচটি ভাগে বিভিন্ন এলাকাকে চিহ্নিত করা হয়েছে, বর্তমান পরিপ্রেক্ষিতে সেটা আর খাটে না। তিনি বলেন, ‘ঢাকার অনেক এলাকা এর আবাসিক চরিত্র হারিয়েছে। হারিয়ে গেছে নীরব এলাকার নীরবতা। সেসব বিবেচনায় দ্রুতই এলাকাগুলোর পুনর্বিন্যাস হওয়া দরকার।’