শব্দদূষণের দায়ে ক্ষতিপূরণ, কারখানা সিলগালা
শব্দদূষণের বিরুদ্ধে শ্যামলী রিং রোড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জুট স্পেয়ার্স কমপ্লেক্স কারখানা থেকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এ ছাড়া কারখানা সিলগালা ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, মেসার্স জুট স্পেয়ার্স কমপ্লেক্স কারখানাটি ১৯৯৮ সাল থেকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল। লোহা কাটার কাজে ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন ও মোল্ডিং মেশিন ব্যবহার করায় শব্দদূষণে আবাসিক এলাকার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। কারখানার ওপর দোতলায় আবাসিক ফ্ল্যাট এবং চারপাশে বহুতল আবাসিক ভবন রয়েছে। পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, তাৎক্ষণিক পরীক্ষায় এ কারখানায় শব্দের মানমাত্রা পাওয়া যায় ৮৭ ডেসিবল, যা সহনীয় মাত্রার চেয়ে ৩৭ ভাগ বেশি। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এ কারখানা কমলা-ক শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান।কারখানাটির যন্ত্রাংশ তৈরিতে আগুনের কাজ করা হলেও এতে কোনো অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না। শব্দদূষণের অপরাধে কারখানার মালিককে তাৎক্ষণিকভাবে দণ্ডিত করে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। এ ছাড়া উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে কারখানাটি সিলগালা করে সব মেশিনপত্র ও যন্ত্রপাতি জব্দ করা হয়। কারখানার মালিক কারখানা স্থানান্তরের লিখিত অঙ্গীকারনামা দাখিল করেন। এ ছাড়া একই এলাকায় প্রিজম ফ্যাশন, প্যাসিফিক ফ্যাশন লিমিটেড এবং মায়া এন্টারপ্রাইজ নামের তিনটি এমব্রয়ডারি কারখানার শব্দদূষণ পরিমাপ করা হয়। অভিযানকারী দলের পরিমাপে তিনটি কারখানায় শব্দের গড় মানমাত্রা পাওয়া যায় ৭০ ডেসিবল, যা আবাসিক এলাকায় সহনীয় মানমাত্রার চেয়ে ২০ ভাগ বেশি। এ তিনটি কারখানাকে অবিলম্বে শব্দদূষণ নিয়ন্ত্রণ করে সহনীয় মাত্রায় নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।