শব্দদূষণের দায়ে ব্র্যাক ব্যাংকের পাঁচ লাখ টাকা জরিমানা
গুলশানের নিকেতন আবাসিক এলাকায় জেনারেটর চালিয়ে শব্দদূষণ সৃষ্টি করায় ব্র্যাক ব্যাংক লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার ব্যাংকটির কর্মকর্তাদের অধিদপ্তরে তলব করে এই দণ্ডাদেশ দেন।একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে সর্বপ্রকার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং শব্দদূষণ সৃষ্টিকারী অন্যান্য যন্ত্রপাতি স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ, নিকেতন সোসাইটির আবাসিক এলাকাসংলগ্ন তাদের ভবনের বেজমেন্টে ত্রুটিপূর্ণভাবে স্থাপিত ও চালিত এক হাজার কেভিএ ক্ষমতার দুটি ডিজেল জেনারেটর থেকে সৃষ্ট শব্দদূষণ পুরো আবাসিক এলাকায় ব্যাপক স্বাস্থ্যহানিসহ পরিবেশদূষণ ঘটাচ্ছে।শব্দদূষণ থেকে পরিত্রাণের জন্য ২২ সেপ্টেম্বর নিকেতন সোসাইটির নেতা ও বাসিন্দারা অধিদপ্তরের পরিচালকের (এনফোর্সমেন্ট) সঙ্গে সাক্ষাৎ করে প্রতিকার চান। অধিদপ্তরের একটি দল সম্প্রতি ওই প্রতিষ্ঠানে ব্যবহূত দুটি জেনারেটরের শব্দের মান পরীক্ষা করে দেখতে পায়, তা থেকে ৮৭-৯৪, ৭৪-৭৭, ৭৬-৭৯ এবং ৮২-৮৪ ডেসিবেল শব্দ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্যাংক কর্তৃপক্ষ গতকাল পরিবেশ অধিদপ্তরের নির্দেশমতো দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।