শব্দদূষণের বিরুদ্ধে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। ‘নাগরিক অধিকার রক্ষায় এনফোর্সমেন্ট’ নামের এই অভিযানের আওতায় গতকাল সোমবার নগরের দুটি বহুতল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানকে (ডেভেলপার) মোট সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। তীব্র বা সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দদূষণের অপরাধে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) নামের প্রতিষ্ঠানটিকে চার লাখ এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানের একটি প্রকল্পকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। নগরের ধানমন্ডি এলাকায় ওই দুটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণের সময় স্থানীয় লোকজন শব্দদূষণের অভিযোগ করলে পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। তাতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল সোমবার প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করে তা আদায় করার পাশাপাশি অবিলম্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি দণ্ডিত প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবেশ আইনের বিধিবিধান মেনে ভবন নির্মাণ করারও নির্দেশ দেন। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দেখতে পান, ভবন নির্মাণকালে ভারী পাইলিং রিগ ও একসঙ্গে কয়েকটি জেনারেটর যুগপৎ ব্যবহার করায় প্রচণ্ড শব্দদূষণ ঘটছিল। অধিদপ্তরের দলটি শব্দমাত্রা পরীক্ষা করে যথাক্রমে ৭৭, ৭৯, ৮২, ৮৪ এবং ৮৬ ডেসিবল পায়। অথচ বিধি অনুযায়ী ওই এলাকায় সহনীয় শব্দমাত্রা মাত্র ৫৫ ডেসিবল। মাত্রাতিরিক্ত ওই শব্দদূষণের ফলে এলাকার বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ অসহনীয় হয়ে পড়ছিল। নগরবাসী এর আগে সরকারি বিভিন্ন দপ্তরে শব্দদূষণের অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি। শেষে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করলে তারা অভিযান চালায়। ফলে ভুক্তভোগী ব্যক্তিরা আইনের আওতায় প্রতিকার পেয়েছেন।পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, গত তিন মাসে ঢাকা মহানগরে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে মোট ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত দুই সপ্তাহে অধিদপ্তরের নির্দেশে পান্থপথে স্কয়ার হাসপাতাল, লালমাটিয়ায় ঢাকা ওয়াসা এবং মিরপুর এলাকায় তিনটি শব্দদূষণকারী জেনারেটরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান চালাতে থাকবে বলে জানা গেছে। অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মুনির চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কোনো এলাকায় শব্দদূষণ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে যেকোনো নাগরিক তা পরিবেশ অধিদপ্তরকে জানাতে পারেন। অধিদপ্তর সেই অভিযোগের তদন্ত করে দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। মানিকগঞ্জের ইটভাটাকে জরিমানা: মানিকগঞ্জে অবৈধভাবে ইটের ভাটা স্থাপন করে কৃষিজমি বিনষ্ট এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে পরিবেশ অধিদপ্তর দুটি ইটের ভাটাকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে। ওই দুটি ইটভাটার মধ্যে এ টি এম ব্রিকফিল্ড প্রায় পাঁচ বছর আগে এবং সফুর ব্রিকস এক বছর আগে বেআইনিভাবে স্থাপন করা হয়েছে। এ দুটির মধ্যে কোনোটিরই পরিবেশের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স কিংবা বিএসটিআইয়ের অনুমতিপত্র নেই।