
সাড়ে নয় একর জায়গার ওপর ৫০০ শয্যার হাসপাতাল। ২৪টি বিভাগ, চিকিৎসক আছেন ১৪৩ জন। কিন্তু গতকাল ভর্তি রোগী ছিল ১৯১ জন। রাজধানীর অন্য সব সরকারি হাসপাতালে যেখানে বিছানার দ্বিগুণ রোগী, সেখানে এই হাসপাতালে রোগী এত কম কেন—জানতে চাইলে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক মো. মুস্তাফিজুর রহমান মিয়া কোনো সদুত্তর দিতে পারলেন না।
অনেকটা পথ পাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় রাজধানীর দক্ষিণ এলাকার বাসিন্দাদের। সে জন্য মুগদা জেনারেল হাসপাতাল তৈরি করে সরকার। দুই বছর পেরিয়ে গেলেও হাসপাতালটির অবস্থার কোনো উন্নতি হয়নি। চালুর পর এক দিনের জন্যও সব বিছানায় রোগী আসেনি। গতকাল বুধবার হাসপাতাল ঘুরে বিভিন্ন ওয়ার্ডে সারি সারি বিছানা ফাঁকা থাকতে দেখা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ গর্ব করে বলল, রোগীর সংখ্যা এক-দুবার ২০০ ছাড়িয়েছে। সর্বোচ্চ ২১০ জন পর্যন্ত রোগী এই হাসপাতালে ভর্তি ছিলেন এক দিন। তবে রোগী না থাকলেও কেনাকাটা কম হয়নি। বরাদ্দ না পেয়েই হাসপাতাল কর্তৃপক্ষ ২০০ কোটি টাকার ওপরে যন্ত্রপাতি কেনে। এ নিয়ে অডিট আপত্তিও ছিল।
গতকাল বুধবার মুগদা জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের ৫০টি শয্যার ২৯টিই ছিল ফাঁকা। আর শল্যচিকিৎসার ৬১টি বিছানার ৩২টিতে এবং হৃদ্রোগ বিভাগে ২০ শয্যার ৬টিতে রোগী ছিল। রোগীর চাপ না থাকায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দেখা গেছে গল্পগুজব করতে। নাক-কান-গলা বিভাগে কত রোগী ভর্তি আছে, জানতে চাইলে ইনচার্জের সঙ্গে কথা বলার পরামর্শ দেন দায়িত্বরত নার্সরা। একজন নার্স হেসে বললেন, ‘রোগী তো অবশ্যই বিছানার চেয়ে কম। কিন্তু সংখ্যাটা বলতে পারছি না।’

শুধু অন্তর্বিভাগে নয়, বহির্বিভাগেও রোগীর খুব একটা চাপ দেখা যায়নি। বেলা একটার দিকে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সামনে ১২ জন রোগী, মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসকের কক্ষের বাইরে দুজন, নেফ্রোলজির, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সামনে একজন রোগীও পাওয়া যায়নি। দুই বছর পরও হাসপাতালটির এই হাল কেন—জানতে চাইলে হাসপাতালের পরিচালক বলেন, ‘জনবলের সংকট। আমার তিনটি পালায় পরিচ্ছন্নতাকর্মী ৩০ জন। হাসপাতাল তো পরিষ্কার রাখতে হবে, না? রোগীদের যদি সেবাই না দিতে পারি, তাহলে কীভাবে হবে।’
গতকাল দুপুর ১২টার পর সেবা নিতে আসা রোগীরা বরং হয়রানির শিকার হয়েছেন বলে এই প্রতিবেদককে অভিযোগ করেন। নয় মাসের অন্তঃসত্ত্বা শারমিন আক্তার হাসপাতালের নিচতলায় দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি বলেন, ‘কাল রাত থিকা পেটে ব্যথা, শ্বাস ফেলতে পারতেছি না। এত কইরা কইলাম, একটু দেইখা দেওনের ব্যবস্থা করেন। খ্যাদায়ে দেয়। একটা আলট্রাসনোগ্রাম লাগব, আগেরবারেও বাইরা থিকা করছি। তাইলে সরকারি হাসপাতাল দিয়া কী লাভ?’ তিনি বলেন, টিকিট কাউন্টার থেকে বলা হয়েছে, চিকিৎসকেরা জরুরি বৈঠকে বসেছেন। দুপুর ১২টার পর বহির্বিভাগে রোগী দেখবেন না। রোগীরা যেন জরুরি বিভাগে চলে যান।
বেলা একটার দিকে অন্তঃসত্ত্বা এক নারীর স্বজন এসে জানান, তাঁকে আগামীকাল আসতে বলা হয়েছে। তবে হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বহির্বিভাগের দেয়ালে লেখা আছে, বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়। উত্তর মুগদার বাসিন্দা রেবেকা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমার ৫০০ টাকা ভিজিট দিয়ে প্রাইভেট দেখানোর ক্ষমতা আছে। বাড়ির কাছে হাসপাতাল। শুনি এখানে ভালো ভালো ডাক্তার আছে। এর আগেও একদিন ফিরে গেছি। আজ ১২টার আগে এসেছি। তবু ডাক্তার দেখাতে পারলাম না।’