শর ৎ গুপ্ত লেনে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সব রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে নেওয়ার দাবিতে আরমানিটোলায় মানববন্ধন করতে গিয়ে রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এ কারণে তারা অন্যত্র মানববন্ধন করতে বাধ্য হয়েছে। মানববন্ধন চলার সময় গোবিন্দ দাস লেনের পাশেই শর ৎ গুপ্ত লেনের একটি রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই নিয়ে তিন দিনের মধ্যে একই এলাকায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গতকাল ঘটনাস্থলে যান র‌্যাব এবং পুলিশের সদস্যরাও। এ সময় স্থানীয় ব্যক্তিরা রাসায়নিক দ্রব্যের গুদাম সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করে। পবার চেয়ারম্যান আবু নাসের খান প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার নিমতলীতে এবং সর্বশেষ গোবিন্দ দাস লেনে রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। এ কারণে এলাকার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবাসিক এলাকা থেকে রাসায়নিক শিল্প, গুদাম ও দোকান সরিয়ে নেওয়ার দাবিতে গোবিন্দ দাস লেন এলাকায় পবার পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি ছিল। আবু নাসের খান বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁরা ওই এলাকায় গেলে রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের পক্ষের লোকজন তাঁদের বাধা দেন। স্থানীয় ব্যক্তিদের তাঁরা হুমকি দিয়ে মানববন্ধন করা থেকে বিরত রাখেন। পরে তাঁরা আরমানিটোলার তারা মসজিদের পাশের সড়কে মানববন্ধন করেন। মানবন্ধনে বক্তারা রাসায়নিক দ্রব্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে আবাসিক এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের কারখানা ও গুদাম সরানোর দাবি জানান। আবু নাসের খান বলেন, মানববন্ধনের শেষ পর্যায়ে দুপুর একটার দিকে তাঁরা খবর পান, গোবিন্দ দাস লেনের পাশে শর ৎ গুপ্ত লেনে খান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লেগেছে। পরে তাঁরাও ঘটনাস্থলে ছুটে যান। জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা পবার মানববন্ধনে বাধা দেন। তখনই শর ৎ গুপ্ত লেনে অগ্নিকাণ্ডের সংবাদে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় পাঁচ শতাধিক মানুষ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ শুরু করলে বাধাদানকারীরা সটকে পড়েন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বংশাল থানার অপারেশন কর্মকর্তা মোহাম্মদ এ কে এম সুলতান উদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি টেলিভিশনে দেখেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মিজানুর রহমান বলেন, এটি ছোট অগ্নিকাণ্ড ছিল। গুদামটি থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। মিজানুর রহমান বলেন, পরে গুদামের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে রাসায়নিকের ড্রাম রাখার কাঠের পাটাতনের নিচে আগুন দেখা যায়। ওই গুদামে হাইড্রোজেন পার অক্সাইড, ময়েশ্চারসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিল। এই দুই রাসায়নিক দ্রব্যের মিশ্রণে আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হতে পারে। সময়মতো ফায়ার সার্ভিস উপস্থিত না হলে বড় ধরনের অঘটন ঘটতে পারত বলে মিজানুর রহমান জানান।