শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, অনুসন্ধান চেয়ে রিট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির পর দুদক ও শরীফের পাল্টাপাল্টি অভিযোগ অনুসন্ধান চেয়ে রিট হয়েছে। এমন অভিযোগ অনুসন্ধানে ‘স্বাধীন অনুসন্ধান কমিটি’ গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
বেশ কয়েকটি বড় অনিয়মের অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে আলোচনায় আসা শরীফ উদ্দিনকে ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। এরপর ‘চাকরিবিধি না মানার কারণে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছে’ জানিয়ে অপসারণের ১৩টি কারণ উল্লেখ করে ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন দুদক সচিব। এতে দুদক যেসব অভিযোগ তোলে, পরে তার জবাব দেন শরীফ। শরীফের চাকরিচ্যুতির পর ১৭ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়।
এর আগে এই ১০ আইনজীবী শরীফের জীবনের নিরাপত্তাসহ প্রয়োজনীয় আদেশের আরজি নিয়ে ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি দিয়েছিলেন। চিঠির প্রসঙ্গটি গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তুলে ধরেন ওই ১০ আইনজীবীর একজন মোহাম্মদ শিশির মনির। সেদিন আদালত এই আইনজীবীকে বলেন, সংক্ষুব্ধ হলে যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন। এরপর আজ রিট করা হয়।
রিটের বিষয়টি জানিয়ে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, পাল্টাপাল্টি অভিযোগের কারণে দুদকের ভাবমূর্তি নিয়ে জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। স্বাধীন, নিরপেক্ষ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দুদকের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে স্বাধীন অনুসন্ধান হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
রিট আবেদনকারী অপর ৯ আইনজীবী হলেন রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মুস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।