
বিকেল সাড়ে চারটা। পুরান ঢাকার নাজিরা বাজার শরীরচর্চাকেন্দ্র ও গ্রন্থাগারের প্রধান ফটকে পা রাখতেই এক ব্যক্তি পথ আটকে দিলেন। বললেন, ‘ভিতরে যাওয়া যাবে না।’ কারণ হিসেবে তিনি জানালেন, ভেতরে শুটিং চলছে।
কথা বলে জানা গেল, পথ আগলে দাঁড়ানো ওই ব্যক্তির নাম মনির হোসেন। তিনি ভবনের নিরাপত্তাকর্মী। প্রবেশদ্বারে দাঁড়িয়েই কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে। এ কারণে সন্ধ্যায় শরীরচর্চার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শরীরচর্চা করতে এসে শুটিংয়ের কারণে ফিরে গেছেন ১৫-২০ জন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ও শরীরচর্চাকেন্দ্রের দুই সদস্য শুটিংয়ের কারণে শরীরচর্চা বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন। একজন বলেন, ‘ব্যায়ামাগার বন্ধ করে শুটিং কেন?’ পাশ থেকে একজন বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে সবাই চান্স নেয়, দ্যাখেন এর জন্য কত টাকা নিয়েছে।’ এর আগেও শরীরচর্চা বন্ধ করে শুটিং হয়েছে বলে অভিযোগ করেন এলাকার কয়েকজন।
এ বিষয়ে ব্যায়ামাগারের প্রশিক্ষক মো. মাকসুদুর রহমান বলেন, ব্যায়ামাগারের প্রচারের স্বার্থে ও বিজ্ঞাপন নির্মাতা কোম্পানি দেয়াল রং করে দেবে, এই শর্তে তিনি শুটিং করতে দিয়েছেন।
জানা গেছে, সময়স্বল্পতার কারণে দেয়ালে রং না করে বিজ্ঞাপন নির্মাতা কোম্পানি ৫ হাজার টাকা দিয়েছে। তবে পুরো বিষয়টি হয়েছে মৌখিকভাবে। শুটিং করার জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতিপত্র নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর সমাজকল্যাণ কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ‘শুটিংয়ের ঘটনাটি আমার জানা ছিল না। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’
শুটিংয়ের শেষ পর্যায়ে ব্যায়ামাগারে ঢুকে দেখা যায়, বেশ বড় একটি ইউনিট শুটিং করছে। এ জন্য সেখানে সেট পাতা হয়েছে।
দেখা যায়, ব্যায়ামাগারের দেয়াল স্যাঁতসেঁতে। মেঝে নোংরা। জানালার কাচ ভাঙা। শুটিংয়ের জন্য কক্ষের পেছনের দিকে শরীরচর্চার সরঞ্জামাদি সরিয়ে রাখা হয়েছে। সরঞ্জামগুলো জং ধরা, কোনোটি আবার ভাঙা। এর পাশাপাশি প্রায় সব কটি সরঞ্জামের গায়ে ঝালাইয়ের অসংখ্য দাগ।
নাজিরা বাজারের কাজী আলাউদ্দিন রোডের এই কেন্দ্রের দুই সদস্য বলেন, ব্যায়ামাগারে জায়গা অনেক। কিন্তু কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। আবার যেগুলো আছে, সেগুলোও ঠিকমতো কাজ করে না। ফ্যান নেই। গরমে ভীষণ কষ্ট। আবার বৃষ্টি হলে দেয়াল চুইয়ে পানি পড়ে।
এ বিষয়ে মেহেদী হাসান খান বলেন, শরীরচর্চাকেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রটির আধুনিকায়নে কী কী সরঞ্জামাদি প্রয়োজন তা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ অনুমোদন করলেই সেসব সরঞ্জামাদি পাওয়া যাবে। তবে কবে নাগাদ এসব সরঞ্জামাদি পাওয়া যাবে, তা তিনি জানাতে পারেননি।
জানা গেছে, ব্যায়ামাগারে দুই পর্বে শরীরচর্চা চলে। প্রথম দফায় সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত। আবার শুরু হয় বিকেল চারটায়। চলে রাত দশটা পর্যন্ত। দুই পর্বে ৮০ জনের মতো নিয়মিত ব্যায়াম করতে আসেন।
স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, নানান সমস্যার পরও লোকজন ব্যায়ামাগারটিতে আসেন।
শরীরচর্চাকেন্দ্রটির ভর্তি ফি ২০০ টাকা। আর প্রতি মাসে দিতে হয় ২০ টাকা করে।