উন্নত বিশ্বে ওষুধের বাজার বাড়াতে হলে কোম্পানিগুলোকে ওষুধের কার্যকারিতার মাপকাঠি নির্ধারণের প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি শরীরে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নির্ধারণে বাড়াতে হবে গবেষণা। দেশের অধিকাংশ কোম্পানি এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে ওষুধ উৎপাদন না করায় ওষুধশিল্প সামনের দিকে এগোতে পারছে না।ওষুধ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল শনিবার আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বায়োইকুইভ্যালেন্স অ্যান্ড টক্সিসিটি স্টাডি সেন্টার ও ফার্মেসি গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বায়োইকুইভ্যালেন্স অ্যান্ড টক্সিসিটি স্টাডি সেন্টারের ডাইরেক্টর প্রফেসর টি কে পাল।টি কে পাল তাঁর প্রবন্ধে বলেন, উন্নত বিশ্বে ওষুধের মান নিয়ন্ত্রণ এবং এর কার্যকারিতার পরিমাপ কার্যকর ওষুধের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। তাই সেসব দেশে ওষুধ রপ্তানি করতে হলে এ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। রপ্তানির ক্ষেত্রে এ প্রক্রিয়া কার্যকর করতে বাংলাদেশের ওষুধবিদদের প্রতি আহ্বান জানান তিনি। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আজাদ চৌধুরী বলেন, দেশে উৎপাদিত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নির্ধারণ করা হয় না। এ কারণে ওষুধের কার্যকারিতা নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। এ ছাড়া বিদেশে ওষুধের কার্যকারিতা নির্ধারণসংক্রান্ত কাজের বিশাল বাজার রয়েছে। দেশে এ নিয়ে কাজ বাড়ানো সম্ভব হলে বিশ্বে ওষুধশিল্পের একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করা সম্ভব। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ইমেরিটাস অধ্যাপক এ বি এম ফজলুল করিম, ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান প্রমুখ।