নগরবিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেছেন, একটি শহর বাসযোগ্য করে তুলতে যথাযথ পরিকল্পনা থাকা দরকার এবং সব শ্রেণীর প্রতিনিধিত্ব নিয়েই সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত জাতীয় সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এসব কথা বলেন। শুক্রবার থেকে সোসাইটি মিলনায়তনে ‘চার দশকে বাংলাদেশ: অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দুই দিনের সেমিনার শুরু হয়েছে। গতকাল শনিবার শেষ দিনে ‘স্বাধীনতার পর বাংলাদেশের গত চার দশকের নগর শাসনব্যবস্থা’ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। নগর ও পৌরসভার উন্নয়নে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, সবার অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব এবং যোগ্য নেতৃত্ব থাকলে স্থানীয় সরকার খুব ভালোভাবে চলতে পারে। বাংলাদেশের গত চার দশকের তথ্য ও প্রযুক্তির অগ্রগতি নিয়ে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনাজ আহমেদ নূর। তিনি বলেন, কৃষি, খাদ্য উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানিসহ সব ক্ষেত্রেই প্রযুক্তি বিরাট ভূমিকা রাখছে। তবে এ ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। ‘নগরায়ণ ও প্রযুক্তি’ শীর্ষক এই অধিবেশনে সভাপতিত্ব করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। এই অধিবেশনে অভিবাসন ও নগরায়ণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন এবং মহানগরগুলোর উন্নয়ন নিয়ে শরিফ উদ্দিন আহমেদ ও ফারজানা আহমেদ দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। গতকাল প্রথম অধিবেশনে ভাষা ও ভাষাতত্ত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনসুর মুসা, বাংলাদেশের নাটক ও মঞ্চনাটক নিয়ে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং ভিজ্যুয়াল আর্ট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক আবুল মনসুর পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম।বিকেলের অধিবেশনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়ে একই বিভাগের শিক্ষক এ এস এম আলী আশরাফ, তৈরি পোশাক খাত ও সেখানকার শ্রমিকদের নিয়ে সমাজবিজ্ঞানের শিক্ষক জিয়া রহমান এবং পানি-দ্বন্দ্ব ও নিরাপত্তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী প্রবন্ধ উপস্থাপন করেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন আবদুল মোমিন চৌধুরী।সর্বশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত চার দশক নিয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন্দ বিকাশ চাকমা দুটি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম।