বাংলাদেশে দ্রুত নগরায়ণ ঘটছে মূলত গ্রাম থেকে শহরে অভিবাসনের কারণে। অর্থনৈতিক নিরাপত্তার কারণে মানুষ শহরে আসছে। বর্তমানে বাংলাদেশের শহর ও নগরে আনুমানিক চার কোটি ২০ লাখ মানুষ বাস করে। এর বড় অংশটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী—এই চারটি মহানগরে।গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নগরায়ণে বাংলাদেশ: বাস্তবতা ও রূপকল্প’ শীর্ষক সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান নগর গবেষণা কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।বিশেষজ্ঞরা বলেন, দেশের অধিকাংশ সেরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীর শহরগুলোতে। ৫০টির মতো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা শহরে। এ ছাড়া ভালো হাসপাতাল, ভালো আবাসনব্যবস্থা শহরগুলোতেই। চাকরি ও ব্যবসার সুযোগ গ্রামের চেয়ে শহরে অনেক বেশি। এসবের টানেই মানুষ শহরে আসছে।অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমীর চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান বলেন, পাকিস্তান আমলের ২৪ বছরের চেয়ে বাংলাদেশের ৪০ বছরে নগরায়ণের হার অনেক বেশি। তবে পানি-বিদ্যুৎ-গ্যাস এমনকি আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে হোঁচট খেতে হচ্ছে। পাশাপাশি নগরায়ণের নামে নদীনালা-জলাশয় দখল করা হচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।এই পর্বে নগর গবেষণা কেন্দ্রের ৪০ বছরের কাজের উল্লেখযোগ্য অংশ তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন সংগঠনের অবৈতনিক সচিব নুরুল ইসলাম নাজিম।‘আরবানাইজেশন প্যাটার্ন— রিয়েলিটি অ্যান্ড ভিশন’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারওয়ার জাহান। এতে নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ভবিষ্যৎ নগরায়ণের ক্ষেত্রে শহরাঞ্চল ও গ্রামীণ কৃষি এলাকার মধ্যে সুস্থ সমন্বয় রাখতে হবে।অনুষ্ঠানে পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন।‘ইস্যুজ ইন আরবানাইজেশন রিয়েলিটি অ্যান্ড ভিশন’ শীর্ষক তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি খাদেম আলী। শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থপতি সালমা এ শফি।