শহরের বস্তিবাসীদের জীবন আরও দুঃসহ হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন শহরের বস্তিবাসীর জীবনকে আরও কঠিন ও দুঃসহ করে তুলছে। ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে বসবাসকারী ৩৫ লাখ মানুষকে প্রায়ই পরিষ্কার পানি ও পয়োনিষ্কাশন সমস্যা এবং বন্যা ও জলাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। ফলে তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং আয় হ্রাস পাচ্ছে। সামনের বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি শহুরে জনগোষ্ঠীর জীবনে আরও ব্যাপক প্রভাব ফেলবে।যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ব্রুকস পোভার্টি ইনস্টিটিউট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক যৌথ গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। গতকাল ব্র্যাক সেন্টারে এক সংলাপে ‘বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের শহরের নিম্ন আয়ের মানুষের ওপর সৃষ্ট সমস্যা এবং তা মোকাবিলার জন্য সামাজিক এবং প্রাতিষ্ঠানিকভাবে নেওয়া পদক্ষেপ’ শীর্ষক ওই গবেষণার প্রাথমিক ফলাফল উত্থাপন করা হয়। দেশের তিনটি বৃহৎ মেট্রোপলিটন শহর ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দুই বছর ধরে এ গবেষণা চলছে। সংলাপে প্রধান অতিথি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে বৈশ্বিক পরিকল্পনা এবং এ-সংক্রান্ত আলাপ-আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু অভ্যন্তরীণভাবে তথা দেশের ভেতরের স্বল্প আয়ের জনবসতিগুলোতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমরা উপেক্ষা করে গেছি।’ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গবেষণার মূল গবেষক ডেভিড হিউম বলেন, ‘বাংলাদেশের নীতিমালা ও কর্মকৌশলগুলোতে খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ এলাকায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু শহুরে এলাকায়, বিশেষ করে স্বল্প আয়ের জনবসতিগুলোতে জলবায়ু পরিবর্তন এবং এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া-সংক্রান্ত গবেষণা, নীতিমালা এবং বিভিন্ন কর্মকৌশল উপেক্ষিত।’সংলাপে এই গবেষণার বাংলাদেশ অংশের মূল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ফেরদৌস জাহান বলেন, ‘যদিও বাংলাদেশ ধীরে ধীরে নগরের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরতে শুরু করেছে, কিন্তু তা অবশ্যই আরও দ্রুত ও বেগবান হওয়া উচিত।’আলোচনায় বস্তিবাসী ফাহিমা বলেন, ‘আমরা আপনাদের ভোট এবং অবস্থান (ক্ষমতা) দিয়েছি। এখন আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইব না। আপনারা আমাদের অবস্থা দেখেছেন। কাজেই আপনাদের নিজেদের সচেতনতা থেকেই আমাদেরকে সাহায্য করার বিষয়টি ভাবতে হবে।’ ওয়াটার এইডের বাংলাদেশ প্রতিনিধি খাইরুল ইসলাম বলেন, ‘অনেক ক্ষেত্রে আমরা অগ্রগতি অর্জন করেছি। কিন্তু আমাদের কাজ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন। আমাদের প্রচারণার প্রচেষ্টাগুলো সীমিত। শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন।’বিডিআইয়ের পরিচালক অধ্যাপক সৈয়দ এম হাশেমীর সভাপতিত্বে সংলাপে দেশের প্রধান শহরগুলোর বস্তিবাসীদের প্রতিনিধিরা অংশ নেন। জলবায়ু পরিবর্তনের কারণে তাঁরা যেসব সমস্যার মধ্যে পড়ছেন, সেগুলো উল্লেখ করেন।