শহীদ আসাদ দিবস পালিত
বিভিন্ন কর্মসূচিতে শহীদ আসাদের কথা স্মরণ করে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বৃহস্পতিবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ঊনসত্তরের গণ-অভ্যুত্থান চলাকালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান।পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গড়ে তোলা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এর পর থেকে দিনটিকে আসাদ দিবস হিসেবে পালন করা হয়।দিনটি উপলক্ষে গতকাল ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আসাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন। আসাদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জাতীয় গণতান্ত্রিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, নারীমুক্তি আন্দোলন, যুবমৈত্রী, সম্মিলিত নাগরিক পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাশনাল সিকিউরিটি পার্টিসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে।