শহীদ মিনারের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ
কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সব অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে একটি কবর ছাড়া অবৈধ সব স্থাপনা সরাতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও আসাদুজ্জামান সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
২০১২ সালের ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বেড়ে উঠছে কথিত মাজার/হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করেন অধ্যাপক মুনতাসীর মামুন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে কবর ঠিক রেখে মাজারের অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন আদালত। আদালতের ওই আদেশ পাওয়ার পর গণপূর্ত বিভাগ ওই মাজারের কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছিল। এরপর রুল শুনানি শেষে আজ আদালত রায় দেন।
রায়ে বলা হয়, রায়ের অনুলিপি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে কবরটি ছাড়া অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রায় বাস্তবায়ন করতে হবে।