শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার সকালে ভাঙচুর চালিয়েছে একদল যুবক। এতে হাসপাতালের ক্যানটিনের ব্যবস্থাপকসহ বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন। তবে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তিন যুবক নাশতা খাওয়ার জন্য হাসপাতালের ক্যানটিনে ঢোকেন। তাঁদের একজন ক্যানটিনের খাবার সরবরাহ করার স্থানে গিয়ে খাবার খুঁজতে থাকেন। ওই সময় ক্যানটিনের কর্মচারী জহিরুল ইসলাম খাবার সরবরাহের সুবিধার্থে ওই যুবককে একটু সরে দাঁড়াতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুলের ওপর চড়াও হন ওই যুবক। সঙ্গে যোগ দেন বাকি দুই যুবকও। তাঁদের থামাতে গেলে মহিউদ্দিন নামের আরেক কর্মচারীকে মারধর করেন তাঁরা। এরপর তাঁরা ক্যানটিন থেকে বের হয়ে যান।মারধরের শিকার জহিরুল প্রথম আলোকে বলেন, প্রায় ১০-১৫ মিনিট পর ওই যুবকের নেতৃত্বে অন্তত ৩০ জন যুবক লাঠিসোঁটা, চাপাতি ও রড নিয়ে আবার ক্যানটিনে ঢোকেন। তাঁরা ক্যানটিনের আসবাব তছনছ করার পর ক্যানটিন, ক্যানটিনের পাশে জ্যেষ্ঠ চিকিৎসকদের বসার জায়গা, অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগের কাচ ভাঙচুর শুরু করেন। যুবকেরা ক্যানটিনের কর্মচারীদের ওপর আরেক দফা হামলা চালান। এতে ক্যানটিনের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম আহত হন।ক্যানটিনের মালিকপক্ষ জানায়, ভাঙচুরকারীরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকজনের পরনে ওই বিশ্ববিদ্যালয়ের নাম-সংবলিত টি-শার্ট ছিল। পুরো ঘটনা হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ করা আছে। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্যানটিনের ভেতর চেয়ার-টেবিল তছনছ অবস্থায় পড়ে আছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে খাবার। ক্যানটিন ও ক্যানটিনের বাইরে মেঝেতে পড়ে আছে কাচের টুকরো।হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশ ও র‌্যাবকে জানিয়েছি। ভাঙচুরকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’ ঘটনাস্থল পরিদর্শনের পর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) অনন্ত কুমার রায় বলেন, ভাঙচুরকারীদের শনাক্ত করা যায়নি। শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।যোগাযোগ করা হলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোফাজ্জল হোসাইন প্রথম আলোকে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটাননি। অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটাতে পারে।