শহীদ সোহ্রাওয়ার্দীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত
শ্রদ্ধাঞ্জলি, আলোচনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।দিনটি পালন উপলক্ষে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদ নগরের তিন নেতার সমাধি চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী আইনের শাসনের রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক-পুরুষ ছিলেন বলেই এ দেশে সংসদীয় গণতন্ত্র আজও বিদ্যমান আছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, শহীদ সোহ্রাওয়ার্দীর আদর্শ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের রাজনীতি। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেই শ্রদ্ধা জানানো হয় না; বাস্তবে শ্রদ্ধা জানাতে হলে সঠিকভাবে গণতান্ত্রিক বিধিব্যবস্থা চালু করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক বাণিজ্যমন্ত্রী এম মতিউর রহমান, বেসরকারি ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ আবদুল খালেক। দিনটি পালন উপলক্ষে গতকাল ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা তিন নেতার সমাধি প্রাঙ্গণে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর সমাধিবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নেতারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় ছাত্রলীগের নেতারা বলেন, হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর গণতান্ত্রিক আদর্শ ছাত্রসমাজকে উপলব্ধি করতে হবে। তাহলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।