শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের মাস উদ্যাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানীতে গতকাল শনিবার থেকে বিজয়ের মাস উদ্যাপন শুরু হয়েছে। বিজয়ের মাসের দ্বিতীয় দিন আজ রোববার অনুষ্ঠিত হবে এক মুক্তিযোদ্ধা সমাবেশ।গতকাল সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)সহ কয়েকটি রাজনৈতিক দল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। পরে জাসদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা জমায়েত ও কুচকাওয়াজ করে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করা হয়।জাসদ আয়োজিত জমায়েতে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের কথা বলা হয়। সমাবেশে বক্তব্য দেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, শাহজাহান কবীর বীর প্রতীক প্রমুখ। বক্তারা বলেন, শেষ যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত রাজপথে মুক্তিযোদ্ধা-জনতার সংগ্রাম চলবে।বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গতকাল মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। কর্মসূচি অনুযায়ী আজ রোববার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবেন মুক্তিযোদ্ধারা। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে একটি বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের সড়কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এ সময় বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমদ, শামসুল কাওনাইন, মাহমুদুল হক, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন, মহাসচিব (কল্যাণ) মনিরুল হকসহ কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন। আজকের মুক্তিযোদ্ধা সমাবেশ উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সফল করতে মুক্তিযোদ্ধা সংসদ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শতাধিক যানবাহন নিয়ে মুক্তিযোদ্ধারা মিছিল বের করবেন। গতকাল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শ্রমজীবী-পেশাজীবী মুক্তিযোদ্ধা ফোরাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে।