ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।আলোচনার আগে মন্ত্রী নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। এ সময় ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, ‘একুশ আমাদের সব আন্দোলন-সংগ্রামের মূল প্রেরণা। একুশের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ৫২-এর ভাষাশহীদদের রক্তের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী উদ্যোগে একুশ আজ সারা বিশ্বে পালিত হওয়ার সুযোগ পেয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এসেছে স্বাধীনতা। কিন্তু উন্নত সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ স্বাধীনতার লক্ষ্য আজও পূরণ হয়নি। দুষ্ট চক্র থেকে আমরা বের হতে পারছি না।’ কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে ‘মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ শেখ ফজলে নূর তাপস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান প্রমুখ।