শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণ-অভ্যুত্থান দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন ঊনসত্তরের গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে। এ উপলক্ষে গতকাল রোববার ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম বীর শহীদ মতিউর ও শহীদ আসাদের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।সকালে বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের সামনে শহীদের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে শহীদ আসাদ পরিষদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফুল দিয়ে ঊনসত্তরের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শহীদ আসাদ পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে, মহানগর আওয়ামী লীগ নবকুমার ইনস্টিটিউটে এবং ওয়ার্কার্স পার্টি শহীদ আসাদ মিলনায়তনে পৃথক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। কেন্দ্রীয় শহীদ মিনারের আলোচনায় বক্তারা বলেন, ঊনসত্তরে শহীদ আসাদ, মতিউরসহ লাখো শহীদের স্বপ্নের শোষণমুক্ত সোনার বাংলা আজও প্রতিষ্ঠিত হয়নি। মহানগর আওয়ামী লীগের আলোচনায় প্রধান অতিথি তোফায়েল আহমদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য এখন প্রয়োজন ঐক্যের। ঐক্যবদ্ধভাবে সবাই দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করলেই সফল সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।