শাঁখারীবাজারে অনুমতি ছাড়াই চলছে নতুন ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারীবাজারে অনুমতি ছাড়াই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এ জন্য বেশ কিছু ভবনের মালিককে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও কাজ হয়নি। নতুন ভবন নির্মাণ চলছেই।সম্প্রতি এই শাঁখারীবাজার এলাকার কৈলাশ ঘোষ লেনে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন পাশের দুটি ভবনের ওপর ধসে পড়লে ভবন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটি নির্মাণের ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়নি বলে জানায় রাজউক।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সরকার এক প্রজ্ঞাপন জারি করে শাঁখারীবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর ও মিন্টো রোড এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করে। প্রজ্ঞাপনে এসব এলাকার পুরোনো ভবনগুলো সংরক্ষণ এবং নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে নগর উন্নয়ন কমিটি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শাঁখারীবাজার এলাকায় সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে অনেক পুরোনো ভবন ভাঙার পাশাপাশি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।সম্প্রতি সরেজমিনে শাঁখারীবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, প্রধান ফটক বন্ধ করে ১৮ ও ১৯ নম্বর বাড়ি মিলে একটি নতুন ভবন নির্মাণের কাজ চলছে। বেলা ১১টায় ভবনের ভেতরে গিয়ে নির্মাণশ্রমিকদের অনেককে ঘুমাতে দেখা যায়। কেউ কেউ কাজ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের অনেকে সারা রাত জেগে কাজ করেছেন, তাই কেউ কেউ ঘুমাচ্ছেন। বেশির ভাগ কাজ এখানে রাতেই করা হয়। কারণ জানতে চাইলে তাঁরা বলেন, মালিকের নির্দেশেই তাঁরা রাতে কাজ করেন। বাড়ির মালিক সুজন ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।একই এলাকার ৯০ ও ৯১ নম্বর বাড়িতে গিয়েও নির্মাণশ্রমিকদের বহুতল ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে। ৯০ নম্বর বাড়ির মালিক অলক ধরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাজউক থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন। ভবন নির্মাণের কাজ তিনি বন্ধ রেখেছেন বলেও দাবি করেন।৬৩ ও ৬৪ নম্বর বাড়ির সামনে থেকে নতুন ভবন নির্মাণের কাজ চোখে না পড়লেও পেছনে গিয়ে দেখা গেছে, সেখানে পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ১৩৮ নম্বর বাড়িতেও বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের নিচে বেশ কয়েকজন মিলে পাহারা দিচ্ছেন। অপরিচিত কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জানতে চাইলে ভবনের মালিক রতন ধর প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি কেবল ভবনের সংস্কার করছেন। অথচ সেখানে বহুতল ভবনের ভেতরে পুরোনো নকশা ভেঙে ফেলা হয়েছে।এলাকাবাসী জানান, এই এলাকায় ভবন নির্মাণের বেশির ভাগ কাজই হয় রাতের আঁধারে।রাজউক সূত্রে জানা গেছে, গত মাসে ১৬ নম্বর বাড়ির মালিক হরিপদ পাল, ১৮ নম্বর বাড়ির মালিক সুজন ঘোষ, ১৯ নম্বর বাড়ির মালিক শংকর লাল, বাচ্চু, কমল, অমল; ৪৩ নম্বর বাড়ির মালিক দিলীপ ধর, ৬৩ ও ৬৪ নম্বর বাড়ির মালিক বাসুদেব সুর গং, ৯০ নম্বর বাড়ির মালিক অলক ধর গং, ১৩৮ নম্বর বাড়ির মালিক রতন ধরসহ মোট নয়টি বাড়ির মালিককে নকশার অনুমোদন ছাড়া কাজ করার জন্য রাজউক থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩ ও ৬৪ নম্বর বাড়ির মালিকের বিরুদ্ধে কারণ দর্শানোর পাশাপাশি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরিও করা হয়।শাঁখারীবাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, রাজউক দোষীদের কারণ দর্শাতে বলেই খালাস। নেপথ্যে রয়েছে টাকা লেনদেনের ঘটনা।এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকা শহরের ভিন্ন ভিন্ন ১০টি খাতে উন্নয়নের জন্য নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প নামের একটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হাতে নিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে শাঁখারীবাজারের পুরোনো ঐতিহ্যবাহী ভবন সংরক্ষণ। পরামর্শক প্রতিষ্ঠান হাইফেব এ কাজ করছে। প্রকল্পের পরিচালক আহসান হাবিব প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখাই মূলত এই প্রকল্পের উদ্দেশ্য।জানতে চাইলে রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, শাঁখারীবাজারে যাঁরা পুরোনো ভবন ভাঙছেন এবং নতুন ভবন তৈরি করছেন, এমন বেশ কয়েকজনকে রাজউক কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কেউ রাজউকের নির্দেশ অমান্য করলে আবার তা খতিয়ে দেখা হবে। টাকার বিনিময়ে নতুন ভবন তৈরি এবং পুরোনো ভবন ভাঙার কাজ করতে সুযোগ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন এই কর্মকর্তা।