দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবস উপলক্ষে গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলনকক্ষে ‘নবম ফাউন্ডেশন ডে’ বক্তৃতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন এতে ‘কানাডা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক: ৪০ বছরের বন্ধন’ শীর্ষক বক্তৃতা দেন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।