শান্তিনগরের জলাবদ্ধতা এ বছরও থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র সাঈদ খোকন
মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এবারের বর্ষা মৌসুমে শান্তিনগরসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা অর্ধেকে নেমে আসবে। আর আগামী বছর নাগাদ তা অনেক কমে যাবে। রাস্তা ও ফুটপাত উন্নয়ন, ড্রেন নির্মাণ ও পরিষ্কারের ফলে তা সম্ভব হবে। এ ছাড়া ওয়াসার সঙ্গে যৌথ উদ্যোগে মানিকনগর এলাকায় পানিনিষ্কাশন পাম্প চালু হয়ে যাবে।
মেয়র হিসেবে মেয়াদের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘এক বছরে ফিরে দেখা, এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাঈদ খোকন। সেখানে জলাবদ্ধতা বিষয়ে এ আশার কথা শোনান তিনি।
এর আগে গত এক বছরে ডিএসসিসির উন্নয়ন কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। প্রচার করা হয় ভবিষ্যৎ পরিকল্পনার পুস্তিকাও।
ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার সময় ২৫০ কোটি টাকা ঘাটতির উল্লেখ করেছিলেন মেয়র। গতকাল মেয়র বলেন, ‘শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী আমাকে ১ হাজার ৭০০ কোটি টাকার বেশ কিছু প্রকল্প দিয়েছেন। সুতরাং আমি অনেক কাজ করতে পারব।’ তবে প্রকল্পের টাকায় দক্ষিণ সিটির অর্থঘাটতি মিটবে না উল্লেখ করেন সাঈদ খোকন। তিনি বলেন, তাই বিভিন্ন সরকারি সংস্থার কাছে করপোরেশনের পাওনা টাকা আদায়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে। যাতে কেন্দ্রীয় রাজস্বের সঙ্গে করপোরেশনের রাজস্ব একীভূত করে ঘাটতি কিছুটা মেটানো যায়।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার কাছে কর বাবদ ৭৮ কোটি টাকা পাওনা আছে। নানা কারণে সে টাকা উদ্ধার করা যাচ্ছে না। আপনি রাজনীতিবিদ বলেই কি স্বাধীনভাবে বিলবোর্ড, অবৈধ দোকান, ফুটপাতের হকার উচ্ছেদ করাতে পারছেন না? এমন প্রশ্নে মেয়র বলেন, ‘আমি লাখো ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করেছি। স্বীকার করি দলের প্রতি আমার একটু বেশিই টান আছে, কিন্তু পিছুটান নেই। আমি এলাকার উন্নয়নের স্বার্থে উচ্ছেদ ও অভিযান অব্যাহত রাখব।’
দক্ষিণ সিটিতে নতুন আটটি ইউনিয়ন যুক্ত হওয়ার পর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মেয়র বলেন, ‘রাতারাতি উন্নয়নে আমি ম্যাজিক দেখাতে পারব না। বিশেষ করে ডিএনডি বাঁধ এলাকাটি এখন দক্ষিণ সিটিতে পড়েছে। এখানে বছরের অর্ধেক সময় পানি আটকে থাকে। পানি নিষ্কাশনে রাতারাতি কিছু করা যাবে না।’
হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার দুরবস্থা সম্পর্কে সাঈদ খোকন বলেন, ৫০ কোটি টাকা সংস্কারের জন্য খরচ করা হচ্ছে। ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্ষায় কাজ বন্ধ থাকলেও রাস্তার ক্ষতি হবে না।’
সৌন্দর্যবর্ধন প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ‘ময়লা-আবর্জনা পরিষ্কারে আমরা কাজ করে যাচ্ছি। তবে আরও নাগরিক সহযোগিতা ও সময় লাগবে।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আমি পরিচালনাকারী ও সমন্বয়ক ছিলাম। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন তা পূরণের পালা।’ সাবেক মন্ত্রী ফারুক খান বলেন, এক বছরে মেয়র যে কাজ করেছেন, তাতে মনে হয় চার বছরে আরও অনেক কাজ করতে পারবেন।