শান্তিনগরের টুইন টাওয়ারে আগুন
রাজধানীর শান্তিনগরের বহুতল ভবন কনকর্ড টুইন টাওয়ারে গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ দগ্ধ না হলেও ধোঁয়া এবং হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ তলা ভবনটির দশম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটি নিচের দিকে কয়েক তলায় আছে বিপণিবিতান। আর ওপরে আবাসিক ফ্ল্যাট। আগুন লাগার পর বাসিন্দাদের বেশির ভাগ নিচে নেমে আসেন। তবে কেউ কেউ আটকা পড়েন বা ভবনের ছাদে উঠে যান।
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে একটি শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দশম তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা কাজী বিভাস জানান, হঠাৎ করে শব্দ পান তাঁরা। এরপর তাঁরা তাঁদের ফ্ল্যাটে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখে আতঙ্কে বারান্দায় আশ্রয় নেন।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক বলেন, দশম তলার করিডরে আগুনের সূত্রপাত হয়। আগুন অন্য কোনো তলায় ছড়ায়নি। তবে ওপর-নিচের চার-পাঁচতলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। কয়েকটি ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে আশ্রয় নেন। বাকিদের নিরাপদে নামিয়ে আনা হয়। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।