শান্তিনগরের পানি দুই ঘণ্টায় নামবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি হলেও শান্তিনগর ও আশপাশের এলাকায় দুই ঘণ্টার বেশি জলাবদ্ধতা থাকবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন গতকাল বুধবার প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, ডিএসসিসি ও ঢাকা ওয়াসা জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। 

ইতিপূর্বে গত সেপ্টেম্বরে নগর ভবনে জলাবদ্ধতাবিষয়ক এক আলোচনা সভায় মেয়র বলেছিলেন, শান্তিনগর, রাজারবাগসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার জন্য সেগুনবাগিচার বক্স কালভার্ট অনেকটা দায়ী। বক্সের ভেতরে আবর্জনার জঞ্জাল জমে আছে। এই জঞ্জাল সরাতে প্রয়োজনে বক্স কালভার্ট ভেঙে ফেলা হবে। গতকাল মেয়র প্রথম আলোকে বলেন, বক্স কালভার্ট ভাঙলে রাস্তা বন্ধ হয়ে যাবে। লাখ লাখ মানুষের ভোগান্তির বিষয় চিন্তা করে বক্স কালভার্ট ভাঙার পরিবর্তে বিকল্প উপায়ে ভেতরের জঞ্জাল সরানো হবে। নেদারল্যান্ডসের একটি কোম্পানির বিশেষজ্ঞরা এসে কথা বলেছেন। দেখা হচ্ছে ‘ড্রিল মেশিন’ জাতীয় শক্তিশালী যন্ত্রের মাধ্যমে কালভার্টের ভেতরের শক্ত বর্জ্য অপসারণ করা যায় কি না।

মেয়র বলেন, শান্তিনগর ও আশপাশের এলাকার জলাবদ্ধতা কমাতে ডিএসসিসি ও ওয়াসা কাজ করছে। ওই এলাকার খাল ও নর্দমা পরিষ্কার করা হচ্ছে। গত বছরও ভারী বৃষ্টিতে যেখানে নয়-দশ ঘণ্টায়ও পানি নামত না, এবার আশা করা যায়, দুই ঘণ্টায় পানি নেমে যাবে। 

এ ছাড়া শান্তিনগরের রাস্তা উঁচু করা ও আনুষঙ্গিক কাজের জন্য একটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে ৯৬ কোটি টাকা চেয়েছে ডিএসসিসি। তিনি বলেন, ডিএসসিসি দেনায় আছে। তাই এই টাকা মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছে। এক-দেড় মাসের মধ্যে অর্থ অনুমোদন হতে পারে।

সেগুনবাগিচা বক্স কালভার্টের বর্জ্য সরানোর কাজে ঢাকা ওয়াসা প্রায় ১৫ কোটি টাকা খরচ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকালও দেখা যায়, নটর ডেম কলেজের বিপরীত দিকে জসীমউদ্‌দীন সড়কের পাশে কালভার্ট পরিষ্কারের জন্য এক্সকাভেটর ও গ্রেবার যন্ত্র কাজ করছে। এক ম্যানহোলের ঢাকনা খুলে সেখান থেকে অন্য ম্যানহোলের আবর্জনা তুলে আনা হচ্ছে। এ ছাড়া এক কিলোমিটার জায়গার মধ্যে পাঁচটির মতো নতুন ম্যানহোল তৈরি করা হয়েছে।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, সেগুনবাগিচা বক্স কালভার্ট থেকে প্রতি মাসে চার হাজার ঘনমিটার বর্জ্য অপসারণ করার পরিকল্পনা আছে। আগামী বর্ষাকে সামনে রেখে সে মতোই কাজ হচ্ছে।