
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রহমতকে গুলশান থেকে গোয়েন্দা পুলিশ এবং বিল্লালকে নবাবপুর রোড থেকে র্যাব গ্রেপ্তার করে। এই মামলার আরেক আসামি নাঈম এখনো পলাতক আছেন।
এদিকে ধর্ষণের অভিযোগে মামলা করতে যাওয়া ওই দুই ছাত্রীর অভিযোগ না নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের বসিয়ে রেখেছিল বনানী থানার পুলিশ। থানায় স্থাপিত সিসিটিভি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়ে। মামলা দায়েরের ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে গঠন করা কমিটি এই ভিডিও ফুটেজ জব্দ করেছে। কমিটির সদস্যরা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছেন।
এজাহারে ধর্ষণের যে ঘটনাস্থলের কথা বলা হয়েছে, সেই হোটেল রেইনট্রি ও ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের সম্পদের হিসাব তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আপন জুয়েলার্সের সিলগালা করে দেওয়া গুলশানের একটি বিক্রয়কেন্দ্রে গতকাল অভিযান চালানো হয়। আপন জুয়েলার্সে অভিযানের প্রতিবাদ জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
ঘটনার শিকার ছাত্রীর পরিবারের সদস্যরা বলেন, গত রোববার রাতে মামলার বাদী ছাত্রীটির বাসায় ঢুকতে চেয়ে দুজন অপরিচিত লোক নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা করেছেন। আতঙ্কিত ছাত্রীটি পরে বিষয়টি পুলিশকে জানান।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ওই ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেছেন, ‘বনানীতে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে।’ গতকাল কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন। আইনি লড়াইয়ে কমিশন ছাত্রীদের পক্ষে নিজস্ব প্যানেল আইনজীবী নিয়োগ করবে বলে জানান তিনি।
র্যাবের ব্রিফিং
বিল্লালকে গ্রেপ্তারের পর রাতে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি বলেন, নবাবপুরের ইব্রাহিম হোটেল থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। সকালে সিলেট থেকে ঢাকায় এসে ওই হোটেলে উঠেছিলেন তিনি।
ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে র্যাব বলেছে, ঘটনার দিন (২৮ মার্চ) বিকেলে বিল্লাল গুলশান ২ থেকে শাফাতের এক বান্ধবী ও বনানীর ১১ নম্বর থেকে আরেক বান্ধবীকে নিয়ে হোটেল রেইনট্রিতে যান। এর আগে শাফাত ও নাঈম সেখানে যান। রাত আটটা থেকে সোয়া আটটার দিকে শাফাত তাঁকে ফোন করে বারিধারা থেকে তাঁর দেহরক্ষী রহমতকে নিয়ে আসতে বলেন। এরপর তিনি অন্য একটি স্থান থেকে ধর্ষণের শিকার দুই ছাত্রীকে গাড়িতে তুলে রাত সাড়ে নয়টার দিকে আবার হোটেলে যান। আগে হোটেলে আসা দুই তরুণী তখন চলে যান। এরপর বিজয়নগর থেকে আরেক তরুণীকে নিয়ে হোটেলে আসেন। হোটেলের সুইমিংপুলে সবাইকে সাঁতার কাটতে দেখেন তিনি। ওই নারীদের একজন চিকিৎসক বন্ধুও ছিলেন। রাত চারটার দিকে শাফাত ও নাঈম দুই কক্ষে দুই নারীকে ধর্ষণ করেন। এ সময় বিল্লাল দুই কক্ষের মাঝের জায়গা থেকে সবকিছু ভিডিও করেন।
র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মামলা হওয়ার পর বিল্লাল তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি মুছে ফেলেন বলে জানিয়েছেন।
পুলিশের গাফিলতি
পুলিশের একটি সূত্র বলেছে, ধর্ষণের ঘটনায় মামলা করা নিয়ে পুলিশের গাফিলতির অভিযোগ ধীরে ধীরে শক্ত হচ্ছে। গাফিলতি খুঁজতে পুলিশের করা কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, বনানী থানার ৫ ও ৬ মের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, ৫ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মামলার বাদীকে থানায় বসিয়ে রাখা হয়। সন্ধ্যার দিকে বনানী থানার ওসি ফরমান আলী থানায় আসার পর কয়েক মিনিটের জন্য ওই ছাত্রীদের তাঁর কক্ষে ঢুকতে দেখা যায়। এরপর ছাত্রীদের থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে যেতে দেখা যায়।
পুলিশ সূত্রটি বলেছে, পুলিশের গুলশান বিভাগ থেকে ধর্ষণের অভিযোগের বিষয়টি জানতে পেরে ৬ মে মহানগর পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা থানার ওসিকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এরপরই রাতে মামলা হয়।
এ ব্যাপারে জানতে চেষ্টা করেও ফরমান আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপন জুয়েলার্সে আবারও অভিযান
গুলশান ২ নম্বরের সুবাস্তু ইমাম টাওয়ারে আপন জুয়েলার্সের সিলগালা করে দেওয়া বিক্রয়কেন্দ্রে গতকাল বেলা তিনটা থেকে আবার অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। অভিযানে নেতৃত্ব দেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, রাত একটায় তাঁদের অভিযান শেষ হয়। ওই শাখায় ২১২ কেজি স্বর্ণালংকার তাঁরা পেয়েছেন। এর মধ্যে ২৫ কেজির নথিপত্র কর্তৃপক্ষ দেখাতে পেরেছে। আর ১৮৪০ ক্যারেট হীরার অলংকারের সঙ্গে ৯ কেজি ৬৮৭ গ্রাম সোনা রয়েছে। এর মধ্যে ৫০০ ক্যারেট হীরার নথি কর্তৃপক্ষ দেখিয়েছে।
শাফাতের বাবা দিলদার আহমেদের ‘অবৈধ সম্পদ’ খুঁজতে আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্রে গত রোববার অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
দিলদার আহমেদ গত রোববার বিবিসি বাংলাকে বলেন, চোরাচালানের সঙ্গে তাঁদের পারিবারিক এই প্রতিষ্ঠান যুক্ত নয়। তাঁদের ৪০ বছরের ব্যবসা। চোরাচালানের সঙ্গে যুক্ত থাকবেন কেন? আমদানি না করে এত বড় ব্যবসা কীভাবে চলে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো সোনা রিফাইন (পুনর্ব্যবহার) করে এবং বিদেশ থেকে ১০০ গ্রাম করে যে সোনা আসে, সেটা তাঁদের কাছে অনেকে বিক্রি করেন।
স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিবাদ
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল বাজুসের সভাপতি গঙ্গাচরণ মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনা নোটিশে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বাজুস কার্যালয়ে জরুরি সভায় বিক্রয়কেন্দ্র বন্ধের তীব্র প্রতিবাদ জানানো হয়।
অভিযানের ব্যাপারে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। বাজুস, দোকান মালিক সমিতি ও আপন জুয়েলার্সের প্রতিনিধিদের যৌথ স্বাক্ষর নিয়ে জব্দ সোনা ও হীরা আপন জুয়েলার্সের ভল্ট ও প্রদর্শনীর স্থানে (ডিসপ্লে) যৌথ তালার মাধ্যমে জব্দ করে রাখা হয়েছে। আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে আগামী বুধবার এসব সোনা ও হীরার বৈধ কাগজ দেখিয়ে সেগুলো ছাড়িয়ে নিতে বলা হয়েছে।