প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ
শাবিপ্রবিতে ছাত্রীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতা–কর্মীদের বিচার দাবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীদের কর্মসূচিতে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে তিনটি বামপন্থী ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে ছাত্রীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জোটের নেতারা।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা ওই হামলাকারীদের বিচারের দাবি জানান। জোটের কেন্দ্রীয় কমিটি এ বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ–সমাবেশে জোটভুক্ত সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নারী শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের মতোই ছাত্রলীগ অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন ও ভিন্নমত দমন করার চূড়ান্ত অভিপ্রায় নিয়ে মাঠে নেমেছে। এসব করে তারা বেশি দিন টিকতে পারবে না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ন্যায্য দাবি মানতে হবে। তাঁদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করতে হবে।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলার কথা সরাসরি অস্বীকার না করলেও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ভিন্ন বয়ান দিয়েছেন বলে অভিযোগ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ভারপ্রাপ্ত সভাপতি জয়দ্বীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে হামলা করে অবৈধভাবে ক্ষমতায় আসা বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তিন দফা দাবির প্রতি আমরা পূর্ণ সংহতি জানাই। এ লড়াইয়ে আমরা তাঁদের পাশে আছি।’
শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ সরকারের লেজুড়বৃত্তি করেছেন বলে অভিযোগ করেন সমাবেশের সঞ্চালক ও ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে তারা অস্বাভাবিক করে তুলছে। না শোধরালে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে বর্জন করতে দ্বিধাবোধ করব না। শিক্ষার্থীদের ন্যায্য দাবি অনতিবিলম্বে না মেনে নিলে ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহসভাপতি কে এম মুত্তাকী। ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানাব।’
বিক্ষোভে জোটভুক্ত তিন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের কয়েক নেতা–কর্মী অংশ নেন। সমাবেশের আগে টিএসসির সঞ্জীব চত্বর থেকে তাঁরা একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন নেতা-কর্মীরা।