শামছুল হককে ইতিহাসে গুরুত্ব দিতে হবে
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শামছুল হক। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। অথচ ইতিহাসে তাঁর অবদান তো দূরের কথা, নাম পর্যন্ত স্থান পায়নি। শামছুল হককে বাদ দিয়ে ইতিহাস লিপিবদ্ধ হলে তা কখনোই সঠিক ইতিহাস হবে না।গতকাল সোমবার শামছুল হকের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শামছুল হকের অবদানকে ইতিহাসে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে শামছুল হক ফাউন্ডেশন ও গবেষণা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান সাইফুল ইসলাম।অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইতিহাসবিবর্জিত এ দেশে জনপ্রিয়, সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতা শামছুল হক উপেক্ষিত, তা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে দিনে দিনে তাঁর কাজ মানুষের মনোযোগ আকর্ষণ করছে, এটি একটি ইতিবাচক দিক।প্রধান আলোচক লেখক বদরুদ্দীন উমর বলেন, ‘শেখ মুজিবুর রহমান না জিয়াউর রহমান, কে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বর্তমানে বাংলাদেশের ইতিহাস এই জায়গায় এসে ঠেকেছে। ১৯৪৭-এর আগে কোন নেতার কী অবদান ছিল তা স্মরণ করার ঐতিহ্য আমাদের নেই।’