শামসুদ্দীন মোল্লা ছিলেন সাদামনের রাজনীতিবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নামের আগে অনেক বিশেষণ দেওয়া যায়। এক কথায় বলা যায়, তিনি ছিলেন সাদামনের রাজনীতিবিদ। ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু। রাজনীতি করেছেন একসঙ্গে। ১৯৭০ ও ’৭৩ সালের নির্বাচনে জয়ী হয়ে হলেন সাংসদ। ’৭৫ সালে হলেন গভর্নর। তারপর...। তারপর যখন ’৭৫-এর ১৫ আগস্টের ঘটনা ঘটল, অনেকেই নানা দিকে চলে গেলেন, কিন্তু তিনি নিজের আদর্শ থেকে সরে যাননি। যে কজন মানুষ সেদিন অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন একজন।তিনি শামসুদ্দীন মোল্লা। তাঁকে নিয়ে আলোচনা করতে গিয়ে এভাবেই তাঁর সম্পর্কে বলছিলেন আলোচকেরা। ‘শামসুদ্দীন মোল্লা: ব্যতিক্রমী এক মহত্প্রাণ’ এই স্মারকগ্রন্থের উন্মোচন অনুষ্ঠান ছিল গতকাল শনিবার। এদিন বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই স্মারকগ্রন্থ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে শামসুদ্দীন মোল্লা কেন্দ্রীয় স্মৃতি সংসদ। স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। শিক্ষাবিদ আনিসুজ্জামানের সভাপতিত্বে স্মারকগ্রন্থ ও শামসুদ্দীন মোল্লা সম্পর্কে আলোচনায় অংশ নেন আমিনুল হক বাদশা, আবদুল গাফফার চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, কাদের সিদ্দিকী, জাহিদুজ্জামান ফারুক, কামরুজ্জামান কাফী, জোবায়েদা শামসুদ্দীন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন শামসুদ্দীন মোল্লার ভাগনে শাহীন রেজা নূর।বক্তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশে আজ শামসুদ্দীন মোল্লার মতো মানুষের বড় বেশি প্রয়োজন। তাঁর চেতনায় জাগ্রত হতে হবে রাজনীতিবিদদের। তাঁর দেখানো আদর্শে পথ চলতে হবে নেতাদের।তোফায়েল আহমেদ বলেন, ’৬৯-এর গণ-আন্দোলন থেকে শুরু করে যেকোনো সংকটের মুহূর্তে শামসুদ্দীন বঙ্গবন্ধুর পাশে ছিলেন। যখন বঙ্গবন্ধু জেলে গেলেন, তখন শামসুদ্দীন মোল্লা যে ভূমিকা পালন করলেন, তা আমরা কেউই ভুলব না। এমন একজন প্রজ্ঞাবান মানুষ আমাদের কাছে আদর্শ হয়েই আছেন।’আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, ‘স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি একজন নিঃস্বার্থ মানুষ শামসুদ্দীনকে। এমন মানুষ সচরাচর দেখা যায় না।’আলোচনায় অন্য বক্তারা শামসুদ্দীন মোল্লাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান।