শামসুন নাহার হল নির্যাতন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে মৌন মিছিল ও আলোক প্রজ্বালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শামসুন নাহার হলের সামনে গিয়ে শেষ হয়।

২০০২ সালের ২৩ জুলাই রাতে শামসুন নাহার হলে ঢুকে পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রীদের ওপর নির্যাতন চালায়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই হামলায় বহু ছাত্রী আহত হন। পরদিন থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য, প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে। কিন্তু এ বছর বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।

দিবসটি স্মরণে শামসুন নাহার হলের সামনে মোমবাতি প্রজ্বালন করে ছাত্রলীগ। এরপর সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন।